প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৪ ১০:৪১ এএম
আপডেট : ০৮ অক্টোবর ২০২৪ ১১:২৬ এএম
তিউনিসিয়ার প্রেসিডেন্ট কাইস সাইদ (মাঝে) ও তার স্ত্রী ইশরাফ চেবিল। ছবি : সংগৃহীত
দ্বিতীয় মেয়াদে তিউনিসিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন কাইস সাইদ। সোমবার (৭ অক্টোবর) দেশটির নির্বাচন কমিশনের বরাত দিয়ে আলজাজিরার প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।
সোমবার ইনডিপেনডেন্ট হাই অথরিটি ফর ইলেকশনসের (আইএসআইই) প্রধান দেশটির জাতীয় টেলিভিশেনে জানিয়েছেন, সাইদ মোট ভোটের ৯০ দশমিক ৭ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন।
আইএসআইই জানিয়েছে, রবিবারের নির্বাচনে মোট ভোটারের মাত্র ২৮ দশমিক ৮ শতাংশ ভোটার ভোট দিয়েছেন। দেশটিতে ২০১১ সালের ‘আরব বসন্তের’ পর এটিই সর্বনিম্ন ভোটারের উপস্থিতি।
নির্বাচন কমিশনের মুখপাত্র মোহাম্মদ তিলি মানসারি এর আগে জানিয়েছিলেন, তারা ৩০ শতাংশ ভোটারের উপস্থিতি আশা করছেন।
চাব পার্টির নেতা জোহাইর মাগজাউই ও আয়াচি জাম্মেলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বীতা করেছেন সাঈদ। জাম্মেল পেশায় একজন ব্যবসায়ী। নির্বাচন সংক্রান্ত অপরাধের দায়ে গত মঙ্গলবার তাকে ১২ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এর আগ পর্যন্ত তাকে সাঈদের পুনরায় নির্বাচিত হওয়ার পথে বড় চ্যালেঞ্জ হিসেবে মনে করা হচ্ছিল।
২০১৯ সাল থেকে দেশটির প্রেসিডেন্টের পদে বহাল আছেন ৬৬ বছর বয়সি সাঈদ। তিনি ক্ষমতায় আসার পর থেকে রাজনৈতিক বিরোধী দল ও অন্যান্য সমালোচকদের লক্ষ্য করে একের পর এক গ্রেপ্তারি অভিযান চালিয়েছেন।
তিনি ২০২১ সালে নির্বাচিত সংসদ ভেঙে দিয়ে সংবিধান নতুন করে লিখেন। বিরোধীরা তার এই পদক্ষেপকে অভ্যুত্থান বলে অভিহিত করে।
কিন্তু ‘দুর্নীতিগ্রস্ত এলিট’ ও ‘বিশ্বাসঘাতকদের’ বিরুদ্ধে লড়ছেন বলে সাঈদ তার কর্মকাণ্ডের সমালোচনা প্রত্যাখ্যান করে দেন।
সূত্র : আলজাজিরা