প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৪ ১২:১৮ পিএম
আপডেট : ০৩ অক্টোবর ২০২৪ ১২:৫১ পিএম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি : সংগৃহীত
ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় কোনো ধরনের হামলা চালালে তা সমর্থন করবেন না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার (২ অক্টোবর) কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।
বুধবার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে নর্থ ক্যারোলাইনায় ঘুর্ণিঝড় হেলেনের ফলে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা পরিদর্শনে যান বাইডেন। তখন সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন, ‘আপনি কি ইরানের পরমাণু স্থাপনায় ইসরায়েলের হামলা সমর্থন করবেন?’
এ প্রশ্নের জবাবে বাইডেন বলেন, ‘উত্তর হলো না। ইরানের হামলার জবাবে ইসরায়েল কী করতে যাচ্ছে তা নিয়ে তাদের সঙ্গে আলোচনা করবে যুক্তরাষ্ট্র।
মঙ্গলবার রাতে ইরান ইসরায়েলকে লক্ষ্য করে প্রায় ১৮০ টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইসরায়েল দাবি করেছে, এর বেশিরভাগই ইসরায়েলি ক্ষেপনাস্ত্র ব্যবস্থা দ্বারা প্রতিহত করা হয়েছে ।
ইরানের এই হামলার পর থেকে ইরান ও ইসরায়েলের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।