প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৪ ১০:৫৩ এএম
আপডেট : ০৩ অক্টোবর ২০২৪ ১১:১৯ এএম
প্রয়াত হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ। ছবি : সংগৃহীত
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ গত সপ্তাহে বৈরুতে ইসরায়েলি হামলায় নিহত হওয়ার আগে যুদ্ধবিরতিতে সম্মতি দিয়েছিলেন। বৃহস্পতিবার (৩ অক্টোবর) লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বো হাবিব এ বিষয়ে জানিয়েছেন।
একটি মার্কিন পাবলিক ব্রডকাস্টারের সঙ্গে কথা বলার সময় বো হাবিব জানান, নাসরুল্লাহর যুদ্ধবিরতির সিদ্ধান্তের বিষয়ে তারা ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের অবহিত করেছেন।
বো হাবিব পিবিএসকে বলেছেন, ‘তিনি (নাসরুল্লাহ) যুদ্ধবিরতিতে সম্মতি দিয়েছিলেন।’ তিনি আরও জানান, হিজবুল্লাহর সঙ্গে আলোচনার পর লেবানন সম্পূর্ণভাবে যুদ্ধবিরতিতে সম্মতি জানিয়েছে। আর যুক্তরাষ্ট্র ও ফ্রান্সকেও বিষয়টি ইতোমধ্যে জানিয়েছে।
তিনি আরও বলেন, ‘লেবাননের প্রতিনিধি পরিষদের স্পিকার নাবিহ বেরি হিজবুল্লাহর সঙ্গে পরামর্শ করেছেন। আর আমরা যুক্তরাষ্ট্র ও ফ্রান্সকে যুদ্ধবিরতির চুক্তির বিষয়ে অবহিত করেছি। তারা আমাদের বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও উভয় প্রেসিডেন্টের (যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের) বিবৃতির সঙ্গে একমত হয়েছেন।’
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) যখন লেবাননের দাহিয়েহের দক্ষিণ শহরতলিতে ইসরায়েলি বোমা হামলা হয় তখন ওই শহরতলির একটি বাংকারে অবস্থান করছিলেন নাসরুল্লাহ। শনিবার তার নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে হিজবুল্লাহ। তবে তিনি কীভাবে নিহত হয়েছিলেন তা স্পষ্টভাবে জানায়নি গোষ্ঠীটি।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তার শরীরে সরাসরি কোনো ক্ষতের চিহ্ন ছিল না। তবে ধারণা করা হচ্ছে বিস্ফোরণের তীব্রতার কারণে তিনি মারা গেছেন।
সূত্র : এনডিটিভি