প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৪ ১২:৪১ পিএম
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫৮ পিএম
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি : সংগৃহীত
ভারতের ঝাড়খণ্ড রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে রাজ্যটিতে প্রতিটি বাংলাদেশি অনুপ্রবেশকারীকে উল্টো ঝুলিয়ে সোজা করার হুমকি দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
শনিবার (২১ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।
গত শুক্রবার (২০ সেপ্টেম্বর) ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলায় পরিবর্তন যাত্রার উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠিত এক সমাবেশে ভাষণ দেওয়ার সময় তিনি এ হুমকি দেন।
তিনি ভাষণে আরও বলেন, তাদের এ ‘পরিবর্তন যাত্রা’ ২ অক্টোবর পর্যন্ত প্রতিটি গ্রামে পরিবর্তনের বার্তা দিবে।
অমিত ঝাড়খণ্ডের ভাষণে বলেছেন, ‘ঝাড়খণ্ডে যেভাবে অনুপ্রবেশ হচ্ছে, যদি এভাবেই চলতে থাকে তাহলে আগামী ২৫-৩০ বছরের মধ্যে এই অনুপ্রবেশকারীরা সংখ্যাগরিষ্ঠতায় চলে আসবে। একবার ঝাড়খণ্ডের সরকার বদলে দেন। আমি আপনাদের ওয়াদা করছি রোহিঙ্গা ও বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ঝারখণ্ড থেকে বাহিরে ফেলার কাজ ভারতীয় জনতা পার্টি করবে। আমরা প্রতিটি বাংলাদেশি অনুপ্রবেশকারীকে উল্টো করে ঝুলিয়ে সোজা করবো। এরা আমাদের সভ্যতাকে নষ্ট করছে। আমাদের সম্পত্তি আত্মসাৎ করছে। আমাদের মেয়েদের সঙ্গে ভিন্ন ভিন্নভাবে নকল বিয়ে করছে।’
তিনি আরও বলেন, ‘আমি ঝাড়খণ্ডের হাই কোর্টকে ধন্যবাদ জানাতে চাই। কেননা, হাইকোর্ট বাংলাদেশ থেকে অনুপ্রবেশের বিষয়টি তদন্ত করার জন্য একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। কেন্দ্র দ্রুতই এ তদন্ত করার জন্য ঝাড়খণ্ড সরকারের সহায়তায় একটি কমিটি গঠন করবে।’
অমিত সরকার পরিবর্তন প্রসঙ্গে বলেছেন, ‘কিসের জন্য পরিবর্তন?...ঝাড়িখণ্ডের মুখ্যমন্ত্রী বদলানো নয়, এমনকি বিজেপিকে ক্ষমতায় আনাও নয়… পরিবর্তন করতে হবে এই দুর্নীতিবাজ সরকারকে সরিয়ে দুর্নীতি দমন করতে পারে এমন একটি সরকারকে আনার জন্য।’
তারপর তিনি তাদেরকে সরকার গঠনের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘ঝাড়খণ্ডে বিজেপি সরকার গঠনের জন্য আমি আপনাদের সবাইকে আবেদন জানাতে চাই।’
সূত্র : দ্য টেলিগ্রাফ