প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৪৯ পিএম
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪ ১৭:০৫ পিএম
দিল্লির মন্ত্রী অতীশি। ছবি : সংগৃহীত
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আজ পদত্যাগ করার পর তার স্থানে নতুন মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেবেন অতীশি। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ভারতের ক্ষমতাসীন আম আদমি পার্টি (আপ) এ তথ্য জানিয়েছে।
আপের সর্বোচ্চ নেতা কেজরিওয়াল মঙ্গলবার নয়াদিল্লিতে তার দলের বিধায়কদের সঙ্গে বৈঠকের সময় এ ঘোষণা দিয়েছেন।
বৈঠকে দলের নেতা দিলীপ পাণ্ডে প্রস্তাব করেন, নতুন মুখ্যমন্ত্রী কে হবেন সে বিষয়ে কেজরিওয়াল সিদ্ধান্ত নেবেন। তখন কেজরিওয়াল নতুন মুখ্যমন্ত্রী হিসেবে অতীশির নাম প্রস্তাব করেন। তখন আপের অন্য বিধায়করা এর সঙ্গে একমত প্রকাশ করেন। আর অতীশিকে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচন করা হয়।
৪৩ বছর বয়সি অতীশি আপের একজন বিশিষ্ট সদস্য। বর্তমানে তিনি দিল্লি সরকারের শিক্ষা ও গণপূর্ত মন্ত্রণালয়সহ একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনা করেছেন।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) কেজরিওয়াল আবগারি মামলায় মুক্তি পান। এর ঠিক দুই দিন পর তিনি পদত্যাগ করার ঘোষণা দেন। আজ তার পদত্যাগ করার কথা।
৫৫ বছর বয়সি কেজরিওয়াল রবিবার দিল্লির জনগণের উদ্দেশে বলেছেন, ‘আজ আমি দিল্লির জনগণের কাছে জানতে চাই, কেজরিওয়াল ইমানদার নাকি বেইমান? দুই দিন পর আমি মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করব। জনগণ তাদের রায় দেওয়ার আগ পর্যন্ত আমি মুখ্যমন্ত্রীর আসনে বসব না। দিল্লির নির্বাচনের আর মাত্র কয়েক মাস বাকি আছে। আমি আদালত থেকে ন্যায় পেয়েছি। এখন আমি জনগণের আদালত থেকে ন্যায় পাওয়ার অপেক্ষায় আছি। জনগণের রায়ের পরই আমি মুখ্যমন্ত্রীর আসনে বসব।’
কেজরিওয়াল ২০১৫ সাল থেকে দিল্লির মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একজন কট্টর সমালোচকও বটে।