প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৪ ১৭:০১ পিএম
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৫৪ পিএম
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ছবি : সংগৃহীত
আবগারি মামলায় মুক্তি পাওয়ার দুইদিন পরই পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির (আপ) সর্বোচ্চ নেতা অরবিন্দ কেজরিওয়াল। রবিবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে তিনি এ ঘোষণা দেন। এর প্রতিক্রিয়ায় বিজেপি বলেছে, তিনি আজকেই কেন পদত্যাগ করছেন না?
কেজরিওয়াল বলেছেন, ‘দুই দিন পর আমি মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করব। জনগণ তাদের রায় দেওয়ার আগ পর্যন্ত আমি মুখ্যমন্ত্রীর আসনে বসব না। দিল্লির নির্বাচনের আর মাত্র কয়েক মাস বাকি আছে। আমি আদালত থেকে ন্যায় পেয়েছি। এখন আমি জনগণের আদালতের থেকে ন্যায় পাওয়ার অপেক্ষায় আছি। জনগণের রায়ের পরই আমি মুখ্যমন্ত্রীর আসনে বসব।’
তিনি বিজেপির অভিযোগের কথা উল্লেখ করে আরও বলেন, ‘আমি ঈমানদার। তাই তারা আমাকে বেইমান প্রমাণ করতে চায়। আমার ওপর কাদা ছুড়ছে। কিন্তু আমার জন্য বিজেপি গুরুত্বপূর্ণ না। আমার জন্য আপনারা গুরুত্বপূর্ণ। যদি দেশের জনতা, দিল্লির জনতা মনে করে আমি বেইমান, তাহলে আমি এক মিনিটের জন্যও মুখ্যমন্ত্রীর আসনে বসব না। আমি আমার জীবনে কিছুই আয় করিনি। আমার সম্মান আর আমার ঈমান ছাড়া আমার কাছে আর কিছুই নেই। আমার ব্যাংক খালি। আমার পার্টির ব্যাংক অ্যাকাউন্টও খালি। আমার পদেরও লোভ নেই আর অর্থেরও লোভ নেই। আমি দেশের জন্য কিছু করতে এসেছি।
আগামী নির্বাচনে জনগণের সমর্থন চেয়ে তিনি বলেন, ‘আমি দিল্লির জনগণের কাছে জানতে চাই, কেজরিওয়াল কি ঈমানদার নাকি বেইমান? আমি জনতার কাছে অনুরোধ করতে চাই, যদি আপনাদের মনে হয় কেজরিওয়াল ঈমানদার, তাহলে আমাকে ভোট দিয়েন। আর যদি আপনাদের মনে হয় কেজরিওয়াল বেইমান তাহলে আমাকে ভোট দিয়েন না।’
কেজরিওয়াল নরেন্দ্র মোদির সরকারকে আক্রমণ করে বলেন, নরেন্দ্র মোদির সরকার ব্রিটিশ সরকারের চেয়েও বড় স্বৈরাচারী।
এদিকে, কেজরিওয়ালের এ সিদ্ধান্তে প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপির মুখপাত্র হারিশ খুরানা। তিনি প্রশ্ন করেছেন, ‘৪৮ ঘণ্টা পরে কেন? তার আজকেই পদত্যাগ করা উচিত। অতীতেও তিনি এমনটাই করেছেন।’
অন্যদিকে দিল্লি কংগ্রেস কেজরিওয়ালের পদত্যাগের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।
কেজরিওয়াল জানিয়েছেন, তিনি পদত্যাগ করার পর আপের একজন সদস্যকে মুখ্যমন্ত্রী বানানো হবে। ফেব্রুয়ারিতে নির্ধারিত দিল্লি বিধানসভার নির্বাচন মহারাষ্ট্র ও ঝাড়খন্ডের সঙ্গে এই নভেম্বর মাসেই করার দাবিও জানিয়েছেন তিনি।
সূত্র : এনডিটিভি