প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৪ ১০:৫০ এএম
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৪ ১৪:০৫ পিএম
রাশিয়ান বন্দিদশা থেকে মুক্তি পাওয়ার পর এক ইউক্রেনীয় সেনাকর্মী বাড়িতে ফোন করছেন। শনিবার (১৪ সেপ্টেম্বর) ইউক্রেনীয়-বেলারুশিয়ান সীমান্তের কাছে একটি অজ্ঞাত স্থান থেকে তোলা। ছবি : সংগৃহীত
রাশিয়া ও ইউক্রেন প্রত্যেকে ১০৩ জন করে যুদ্ধবন্দি বিনিময় করেছে। এ যুদ্ধবন্দি বিনিময়ের ক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাত মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) উভয় দেশ এ বিষয়ে নিশ্চিত করেছে।
সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক মাধ্যম এক্সের এক বিবৃতিতে জানিয়েছে, উপসাগরীয় দেশটি এ নিয়ে অষ্টমবারের মতো ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধবন্দি বিনিময়ের ক্ষেত্রে মধ্যস্থতা করেছে। এবারের মধ্যস্থতায় দুই দেশের মোট ২০৬ জন মুক্তি পেয়েছেন।
শনিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা ১০৩ জন রুশ সেনার বিনিময়ে সমান সংখ্যক ইউক্রেনীয় সেনাকে মুক্তি দিয়েছে।
ইউক্রেনের প্রধানমন্ত্রী ভলোদিমির জেলেনস্কি শনিবার সামাজিক মাধ্যম এক্সের এক পোস্টে বলেছেন, ‘আমরা সফলভাবে আরও ১০৩ জন সেনাকে রাশিয়ার বন্দিদশা থেকে ইউক্রেনে ফিরিয়ে এনেছি। আমাদের লোকেরা বাড়ি ফিরে এসেছে।’
জেলেনস্কি জানিয়েছেন, মুক্তি পাওয়া ইউক্রেনীয়দের মধ্যে ৮২ জন কর্মকর্তা প্রাইভেট অফিসার ও সার্জেন্ট । আর বাকি ২১ জন হলেন ইউক্রেনের সশস্ত্র বাহিনী, ইউক্রেনের ন্যাশনাল গার্ড, সীমান্তরক্ষী ও পুলিশের কর্মকর্তা।