কঙ্গোর প্রেসিডেন্ট হত্যাচেষ্টা
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৪ ১৪:২৬ পিএম
ছবি : সংগৃহীত
দ্য ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআরসি) প্রেসিডেন্টকে হত্যা চেষ্টার অভিযোগে ৩৭ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তাদের মধ্যে তিনজন যুক্তরাষ্ট্রের, একজন ব্রিটিশ, একজন বেলজিয়ামের ও একজন কানাডার নাগরিকও রয়েছেন। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) কিনশাসার একটি সামরিক আদালত আদেশ দিয়েছেন।
চলতি বছরের ১৯ মে ক্রিশ্চিয়ান মালাঙ্গার নেতৃত্বে দেশটির প্রেসিডেন্ট প্রাসাদ ও প্রেসিডেন্ট ফেলিক্স শিসেকেদির এক মিত্রের বাড়িতে হামলা চালানো হয়। কিন্তু তাদের চেষ্টা ব্যর্থ হয়। মালাঙ্গাসহ আরও পাঁচজন নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হন।
সামরিক আদালতে এ মামলায় মোট ৫১ জনের বিচার করা হয়েছে। তাদের মধ্যে ১৪ জনকে আদালত বেকসুর বলে খালাস দিয়েছেন। দেশটির জাতীয় টিভি ও রেডিওতে এর শুনানি সরাসরি সম্প্রচারিত হয়েছে।
মৃত্যুদণ্ড পাওয়ার যুক্তরাষ্ট্রের তিন নাগরিকের মধ্যে মাঙ্গালার ছেলে মার্সেলও রয়েছেন। তিনি এর আগে আদালতকে জানিয়েছিলেন, এ অভ্যুত্থানে অংশ না নিলে তাকে মেরে ফেলবেন বলে হুমকি দিয়েছিলেন তার বাবা।
মৃত্যুদণ্ডের শাস্তি পাওয়া ব্যক্তিরা রায়ের বিরুদ্ধে আপিল করার জন্য পাঁচদিন সময় পাবেন।
ছয় বিদেশির পক্ষের আইনজীবী রিচার্ড বন্ডো বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) জানিয়েছেন, এ মামলার তদন্তের সময় তার ক্লাইন্টদের জন্য পর্যাপ্ত দোভাষী ছিল না।
তিনি বলেছেন, ‘আমরা আপিল করবো। এ সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানাবো।’