প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৪ ১২:৩১ পিএম
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৪ ১৩:১৮ পিএম
যুক্তরাষ্ট্রের সবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের সবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আনা দুটি ফৌজদারি অভিযোগ খারিজ করে দিয়েছেন দেশটির জর্জিয়া অঙ্গরাজ্যের এক বিচারক। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।
২০২০ সালে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে মামলা করা হয়েছে ট্রাম্পের বিরুদ্ধে। বৃহস্পতিবার ফুলটন কাউন্টির বিচারক স্কট ম্যাকাফি এ মামলার দুটি অভিযোগ খারিজের আদেশ দিয়েছেন। তিনি রায়ে বলেছেন, রাজ্য প্রসিকিউটরদের এসব অভিযোগ আনার এখতিয়ার নেই। একই সঙ্গ এ অভিযোগগুলো ফেডারেল আদালতে মিথ্যা নথি দাখিলের সঙ্গে সম্পর্কিত।
এ মামলায় ট্রাম্পের বিরুদ্ধে মোট ১৩টি অভিযোগ আনা হয়েছিল। এর মধ্যে গত মার্চে তিনটি অভিযোগ খারিজ করেছেন ম্যাকাফি। বৃহস্পতিবার আরও দুটি অভিযোগ খারিজ করা হলো। এর অর্থ দাঁড়াচ্ছে ট্রাম্পের বিরুদ্ধে আনা ১৩টি ফৌজদারি অভিযোগের মধ্যে পাঁচটিই এখন খারিজ হয়ে গেছে। তবে ম্যাকাফি ট্রাম্পের বিরুদ্ধে আনা বাকি আটটি অভিযোগসহ মামলাটি চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছেন।
এ মামলায় ট্রাম্প ছাড়া আরও ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। তবে তারা সবাই নিজেদের নির্দোষ দাবি করেছেন।
সূত্র : রয়টার্স