প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৪৫ পিএম
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪ ১৭:০৪ পিএম
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ছবি : সংগৃহীত
ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে কূটনৈতিক উপায়ে কাজ করা হবে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
স্থানীয় সময় মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) জার্মানির বার্লিনে এক যৌথ সংবাদ সম্মেলনে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে প্রশ্ন করা হয়েছে। তার জবাবেই তিনি এ কথা বলেছেন।
সৌদি আরব, জার্মানি ও সুইজারল্যান্ডে ছয় দিনের সফরে রয়েছেন জয়শঙ্কর। ৮ সেপ্টেম্বর থেকে এ সফর শুরু হয়েছে। মঙ্গলবার জার্মানিতে সফরের সময় জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর বার্লিনের যৌথ সংবাদ সম্মেলটি করা হয়।
কিছুদিন আগে পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছিলেন, শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে। জার্মানির সংবাদ সম্মেলনে এক সাংবাদিক এ প্রসঙ্গ উল্লেখ করে বলেন, ‘ভারত কি এমন অনুরোধ বিবেচনা করবে?’
জবাবে জয়শঙ্কর বলেন, ‘বাংলাদেশে সরকার পরিবর্তন হয়েছে তা আপনারা জানেন। আমরা বর্তমান সরকারের সঙ্গে কাজ করছি। আর তা আমরা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে করি, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে নয়।’
গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের ফলে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। এরপর থেকে এখন অবধি তিনি ভারতেই রয়েছেন।
সূত্র : এএনআই