প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৪ ১১:৪১ এএম
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪ ১১:৫৭ এএম
পেরুর সাবেক প্রেসিডেন্ট আলবার্তো ফুজিমোরি। ছবি : সংগৃহীত
ক্যানসারের সঙ্গে দীর্ঘদিন লড়াই করে না-ফেরার দেশে চলে গেছেন পেরুর সাবেক প্রেসিডেন্ট আলবার্তো ফুজিমোরি। বুধবার (১১ সেপ্টেম্বর) তার মেয়ে ও রাজনৈতিক নেতা কেইকো ফুজিমোরি বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত্যুর সময় আলবার্তোর বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি দেশটির রাজধানী লিমায় নিজ বাড়িতে মারা গেছেন।
আলবার্তোর মৃত্যুর খবর জানিয়ে তার মেয়ে কেইকো সমাজমাধ্যম এক্সে লিখেছেন, ‘আমাদের বাবা আলবার্তো ফুজিমোরি এই মাত্র মারা গেছেন।’
তার মৃত্যুর কয়েক ঘণ্টা আগে ফুয়েরজা পপুলার পার্টির মুখপাত্র মিগুয়েল টরেস জানিয়েছেন, সাবেক প্রেসিডেন্টের অবস্থা ‘নাজুক’। তিনি একটি ‘কঠিন সময়’ পার করছেন।
১৯৯০ থেকে ২০০০ সাল পর্যন্ত পেরুর প্রেসিডেন্ট ছিলেন আলবার্তো।
২০০৯ সালে তাকে মানবতাবিরোধী অপরাধের জন্য ২৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। গত বছর মানবিক কারণ দেখিয়ে পেরুর সর্বোচ্চ আদালত তাকে মুক্তির আদেশ দেন। দীর্ঘ ১৫ বছর কারাগারে কাটানোর পর গত ডিসেম্বরে তিনি মুক্তি পান।
চলতি বছরের জুলাইয়ে কেইকো ঘোষণা দিয়েছিলেন, তার বাবা ২০২৬ সালে চতুর্থবারের মতো দেশটির প্রেসিডেন্ট হওয়ার পরিকল্পনা করছেন।