আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২২ ১৫:২১ পিএম
আপডেট : ০৬ আগস্ট ২০২২ ১৫:৩২ পিএম
আগুন নেভানোর চেষ্টায় দমকলবাহিনী
অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন একই পরিবারের তিনজন শিশু এবং সাতজন প্রাপ্ত বয়স্ক ব্যক্তি। আগুন নেভাতে এসে দমকলকর্মী দেখলেন নিহতরা তারই স্বজন। মর্মান্তিক এ ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার ভোরে বাড়ির বারান্দায় আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। আগুনের কারণ খুঁজে বের করতে অপরাধ তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।
নেস্কোপেক স্বেচ্ছাসেবক ফায়ার কোম্পানির দমকলকর্মী হ্যারল্ড বেকার জানান, নিহতরা হলেন তার ছেলে, মেয়ে, শ্বশুড়, শালা, শ্যালিকা, তিন নাতি-নাতনি এবং বাকি দুই আত্মীয়।
তিনি আরও বলেন, নিহত তিন শিশু যার মধ্যে দুজন ছেলে ও একজন মেয়ে, তারা দুর্ঘটনাকবলিত বাড়িতে থাকে না। তারা গ্রীষ্মকালীন ছুটিতে বেড়াতে এসেছিল সেখানে।
আঞ্চলিক পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, প্রাপ্তবয়স্ক নিহতরা হলেন ডেল বেকার (১৯), স্টার বেকার (২২), ডেভিড ডাউবার্ট সিনিয়র (৭৯), শ্যানন ডাবার্ট (৪২), লরা ডাবার্ট (৪৭) ও মারিয়ান স্লুসার (৫৪)।
হ্যারল্ড বেকার জানান, তার নিহত ছেলে ডেল বেকারও একজন দমকল বাহিনীর কর্মী।
পুলিশ জানিয়েছে, কুকুরের সহায়তা নিয়ে আগুনে ধ্বংস হওয়া আবাসিক ভবন থেকে মৃতদেহগুলো উদ্ধার করা হয়েছে। এ ছাড়া তিনজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি নিরাপদে পালিয়ে যেতে সক্ষম হয়েছেন।
ফিলাডেলফিয়ার ৯৫ মাইল উত্তর-পশ্চিমের গ্রামীণ সম্প্রদায় নেস্কোপেকে স্থানীয় সময় রাত আড়াইটায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পেনসিলভানিয়া আঞ্চলিক পুলিশ কর্মকর্তা লেফটেন্যান্ট ডেরেক ফেলসম্যান জানান, দমকলকর্মীরা বেশ কয়েকবার চেষ্টা করেন ভবনটির ভেতরে প্রবেশ করতে। কিন্তু অতিরিক্ত ধোঁয়া ও তাপের কারণে তারা সফল হতে পারেননি।
সিটিজেন ভয়েসকে দেওয়া সাক্ষাৎকারে বেকার জানান, ‘যখন আমরা ডিইউ স্ট্রিটে মোড় নিই, তখনই আমি বুঝতে পারি এটি কোনো বাড়ি। আমি প্রথম ইঞ্জিনেই ছিলাম। আমরা যখন চেষ্টা করছিলাম ভেতরে প্রবেশের, ততক্ষণে পুরো জায়গা আগুনে আচ্ছন্ন হয়ে যায়।’
তিনি আরও বলেন, আমার সন্তানেরা তাদের আন্টি-আঙ্কেলের সঙ্গে দেখা করতে সে বাড়িতে বেড়াতে যায়। তারাই ওই বাড়ির মালিক।
পেনসিলভানিয়ার গভর্নর টম উলফ এক টুইট বার্তায় এ ঘটনাকে হৃদয়বিদারক বলে মন্তব্য করেন।
আমেরিকার দাতব্য সংস্থা রেড ক্রস জানিয়েছে, তারা ওই এলাকা থেকে পালিয়ে যাওয়া ব্যক্তিদের সহায়তা করছেন।
/প্রবা/এনএস/ম.ই