প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৪ ১২:২০ পিএম
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৪ ১৬:১৭ পিএম
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের মঙ্গলবারের মুখোমুখি বিতর্কে ২০২১ সালের ক্যাপিটল হিলে হওয়া দাঙ্গার প্রসঙ্গটিও উঠে এসেছে। সে ঘটনায় ট্রাম্প তার সমর্থকদের কোনো ধরনের উস্কানি দেননি বলে দাবি করেছেন।
হামলার আগে ট্রাম্প হোয়াইট হাউসে দেওয়া ভাষণে তার সমর্থকদের ক্যাপিটল হিলের দিকে মিছিল নিয়ে যেতে বলেছিলেন। হামলার ঘটনাটি তিনি টেলিভিশনে দেখেছিলেন। এরপর সমাজমাধ্যমে একটি পোস্ট করে দাঙ্গাকারীদের সরে যাওয়ার আহ্বান জানিয়েছিলেন তিনি।
বিতর্কে সঞ্চালক ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলের দাঙ্গায় ট্রাম্পের ভূমিকা সম্পর্কে প্রশ্ন করেন।
ট্রাম্প জানিয়েছেন, তার ভাষণে সহিংসতার কোনো আহ্বান জানানো হয়নি। নিজের পক্ষ সমর্থন করে তিনি বলেছেন, ‘আমি আমার ভাষণে শান্তিপূর্ণভাবে ও দেশপ্রেমের সঙ্গে মিছিল করার আহ্বান জানিয়েছিলাম। আর তা আমি ভাষণের সময়ই বলেছিলাম এর পরে না।’
সঞ্চালক তাকে এ বিষয়ে আরও প্রশ্ন করেন। তাকে জিজ্ঞেস করেন, ‘সেদিন আপনি যা করেছেন, তার কোনো কিছু নিয়ে কি আপনার অনুশোচনা আছে?’
এর জবাবে ট্রাম্প বলেন, ‘এর সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল না। তারা আমাকে একটি ভাষণ দিতে বলেছিল।’
তিনি বরং এ অপ্রীতিকর ঘটনার জন্য ডেমোক্র্যাট সদস্য ন্যান্সি পেলোসিকে দোষারোপ করেছেন। তার মতে, ক্যাপিটলে নিরাপত্তা আরও জোরদার করা উচিত ছিল ন্যান্সির।
ট্রাম্পের বিরুদ্ধে ক্যাপিটলের দাঙ্গায উস্কানি দেওয়ার অভিযোগ রয়েছে। কিন্তু বর্তমানে তার রায়টি বিচারাধীন। কেননা সম্প্রতিই সুপ্রিম কোর্টের এক রায়ে তা স্থগিত করা হয়েছে।
এ দাঙ্গার সঙ্গে জড়িত ১ হাজার ২০০ জনের বেশি লোককে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে কয়েকশ মানুষ দোষ স্বীকার করেছে।
সূত্র : বিবিসি, আলজাজিরা