প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৪ ০০:৩৭ এএম
ঘটনাস্থলে সংবাদমাধ্যমকর্মীরা স্প্রে পেইন্টেড পাথরের এই ছবি সংগ্রহ করেছে (সংগৃহীত)
চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) কয়েকজন সদস্য ভারতের অরুণাচল প্রদেশের আনজাও জেলার সীমানা দিয়ে ভারতের ৬০ কিলোমিটার গভীরে অনুপ্রবেশ করেছে। আনজাও জেলার কাপাপু এলাকায় তারা কিছুক্ষণ ক্যাম্পও করেছে বলে একাধিক ভারতীয় গণমাধ্যম নিশ্চিত করেছে।
ভারতীয় সংবাদমাধ্যম অরুণাচল টোয়েন্টিফোর সোমবার (১০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনের সঙ্গে কিছু ছবি প্রকাশ করে। তাদের প্রতিবেদনে বলা হয়, ঘটনাস্থলে সংবাদমাধ্যমকর্মীরা বনফায়ার, স্প্রে পেইন্টেড পাথর ও চীনা খাদ্যসামগ্রীর ছবি সংগ্রহ করেছে। এসব ছবি ও আলামত দেখে সহজেই অনুমান করা যায় ওই অঞ্চলে সম্প্রতি চীনা সেনারা অনুপ্রবেশ করেছে। ছবিগুলো দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।
চীনা
সেনা সদস্যদের এই অনুপ্রবেশের ঘটনায় ভারতের জাতীয় নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। এর
আগেও একাধিকবার চীনা সেনারা ভারতের অরুণাচল প্রদেশ দিয়ে অনুপ্রবেশ করেছে। তবে এবার
তারা কাপাপু এলাকায় ক্যাম্প করেছে। এলাকাটি থেকে ৯০ কিলোমিটার দূরেই আনজাও জেলার প্রশাসনিক
অঞ্চল চাগলাগাম অবস্থিত। ধারণা করা হচ্ছে, অরুণাচলের প্রশাসনিক অঞ্চলকে ঘিরে তারা কোনো
সামরিক প্রস্তুতি নেওয়ার জন্যই অনুপ্রবেশ করেছে।
ভারতের বহুল আলোচিত অরুণাচল প্রদেশের সীমান্ত লাগোয়া বিশাল অংশের মালিকানা দাবি করে প্রতিবেশী চীন। চীনের সঙ্গে ভারতের মোট ৩ হাজার ৪৮৮ কিলোমিটার সীমান্ত রয়েছে। এর মধ্যে কেবল বিরোধপূর্ণ অরুণাচলের সঙ্গে চীনের সীমান্ত রয়েছে ১ হাজার ১২৬ কিলোমিটার।
সূত্র : অরুণাচল টোয়েন্টিফোর