প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৪ ১০:১৯ এএম
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৪ ১১:১৫ এএম
ভেনেজুয়েলার বিরোধীদলীয় প্রেসিডেন্ট পদপ্রার্থী এডমুন্ডো গঞ্জালেজ। ছবি : সংগৃহীত
ভেনেজুয়েলার বিরোধীদলীয় প্রেসিডেন্ট পদপ্রার্থী এডমুন্ডো গঞ্জালেজ স্পেনে আশ্রয় নেওয়ার জন্য দেশ ছেড়েছেন। এমনটাই দাবি করেছে দেশটির সরকার। রবিবার (৮ সেপ্টেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
স্পেনের উদ্দেশে গঞ্জালেজের দেশ ছাড়ার বিষয়টি তার একজন আইনজীবী নিশ্চিত করেছেন। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত আর কিছু জানাননি।
গত ২৮ জুলাই দেশটির প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে। নির্বাচনে ন্যাশনাল ইলেক্টোরাল কাউন্সিল (সিএনই) নিকোলাস মাদুরোকে বিজয়ী ঘোষণা করেছে। এরপর থেকেই ভেনেজুয়েলায় রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে। গঞ্জালেজ দাবি করেছিলেন ওই নির্বাচনে তিনিই যথার্থ বিজয়ী। তাই তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আর এজন্যই তিনি এত দিন ধরে আত্মগোপনে রয়েছেন।
ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ সামাজিক মাধ্যমে বলেছেন, ‘কিছুদিন আগে তিনি (গঞ্জালেজ উরুতিয়া) স্বেচ্ছায় কারকাসে স্প্যানিশ দূতাবাসে আশ্রয় নেন। এরপর তিনি স্পেনের সরকারের কাছে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন।’
তিনি আরও জানিয়েছেন, কারকার তার নিরাপদে স্পেনে যাওয়ার বিষয়ে সম্মত হয়েছিল। আর তিনি চলে গিয়েছেন।
স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস জানিয়েছেন, গঞ্জালেজ তার নিজের করা অনুরোধের প্রেক্ষিতেই দেশ ছেড়েছেন। তিনি এখন একটি স্প্যানিশ বিমান বাহিনীর বিমানে রয়েছেন।
আলবারেস আরও জানিয়েছেন, স্পেনের সরকার সব ভেনেজুয়েলার নাগরিকদের রাজনৈতিক অধিকারের প্রতি অঙ্গীকারবদ্ধ।
এদিকে গঞ্জালেজ চলে যাওয়ার পর দেশটির রাজধানী কারকাসে আর্জেন্টিনার দূতাবাস ঘিরে রেখেছে দেশটির নিরাপত্তা বাহিনী। মাদুরোর ছয় রাজনৈতিক বিরোধীরা সেখানে আশ্রয় নিয়েছেন।
আর্জেন্টিনার দূতাবাসের ভিতরে সন্ত্রাসী কর্মকাণ্ডের ষড়যন্ত্র করা হচ্ছে বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করেছে।
সূত্র : বিবিসি