প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩৩ এএম
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৪ ১২:০৪ পিএম
ইংলিশ চ্যানেলে নৌকাডুবির ঘটনায় জীবিতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ফ্রান্সের উপকূল থেকে তোলা। ছবি : সংগৃহীত
ফ্রান্সের উপকূলে অভিবাসনপ্রত্যাশী বহনকারী একটি নৌকা ডুবে ছয় শিশু, এক গর্ভবতী নারীসহ ১২ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুর্ঘটনাটি ঘটে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
স্থানীয় প্রসিকিউটর অফিস জানিয়েছে, নিহতের মধ্যে ১০ জন নারী ও দুজন পুরুষ।
ফরাসি কোস্টগার্ড জানিয়েছে, বোলোন-সুর-মের নিকটবর্তী কেপ গ্রিস-নেজ থেকে ৫০ জনের বেশি লোককে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
কর্মকর্তারা বলেছেন, নৌকাটি অতিরিক্ত যাত্রীবোঝাই ছিল। এর নিচের অংশ ভেঙে গিয়েছিল। আটজনের কম যাত্রী লাইফ জ্যাকেট পরা ছিলেন।
চলতি বছরে চ্যানেলটিতে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা এটিই।
স্থানীয় প্রসিকিউটর গুইরেক লে ব্রাস জানিয়েছেন,কর্মকর্তারা প্রাথমিকভাবে ধারণা করছেন মৃতরা আফ্রিকার দেশ ইরিত্রিয়ার নাগরিক। তবে এখনও তারা মৃতদের সুনির্দিষ্ট জাতীয়তা সম্পর্কে জানাতে পারেননি।
যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার এ ঘটনাকে ‘ভয়াবহ ও গভীর দুঃখজনক’ বলে আখ্যায়িত করেছেন।
সূত্র : বিবিসি