প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৪ ১৩:০০ পিএম
আপডেট : ৩১ আগস্ট ২০২৪ ১৫:২৪ পিএম
ছবি : সংগৃহীত
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের খাইবার জেলায় চলমান সামরিক অভিযানে ১০ দিনে অন্তত ৩৭ সন্ত্রাসী নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১৪ জন। শুক্রবার (৩০ আগস্ট) সন্ধ্যায় দেশটির সেনাবাহিনী এ বিষয়ে জানিয়েছে।
পাকিস্তানি সামরিক বাহিনীর শুধু শুক্রবারের অভিযানেই খাইবার পাখতুনখোয়ায় ১২ ও বেলুচিস্তান প্রদেশে পাঁচ সন্ত্রাসী নিহত হয়েছে।
পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) বিবৃতিতে জানিয়েছে, নিরাপত্তা বাহিনী ২০ আগস্ট থেকে খাইবারের তিরাহ এলাকায় সন্ত্রাসীদের উপস্থিতির ভিত্তিতে ব্যাপক গোয়েন্দা অভিযান (আইবিওএস) চালাচ্ছে।
আইএসপিআর তাদের পরিচালিত বুধবার (২৮ আগস্ট) ও বৃহস্পতিবারের অভিযানগুলোর বিবরণ দিয়ে জানিয়েছে, সেনাবাহিনীরা সফলভাবে সন্ত্রাসীদের অবস্থানগুলো মোকাবিলা করেছে। তাদের এ দুইদিনের অভিযানে মোট ১২ জন সন্ত্রাসী নিহত হয়েছেন।
আইএসপিআর বলেছে, ‘পাকিস্তানের নিরাপত্তা বাহিনী দেশ থেকে সন্ত্রাসবাদের হুমকি নিশ্চিহ্ন করতে দৃঢ়প্রতিজ্ঞ। তাই এ অঞ্চলে শান্তি ফিরিয়ে আনা ও সন্ত্রাসীদের নির্মূল করার আগ পর্যন্ত আইবিও তাদের অভিযান চালিয়ে যাবে।’