প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৪ ১০:২২ এএম
আপডেট : ৩১ আগস্ট ২০২৪ ১১:০৪ এএম
ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যার পানিতে ডুবে যাওয়া একটি রাস্তার দৃশ্য। ২০২৪ সালের ২২ আগস্ট ইয়েমেনের সানা থেকে তোলা। ছবি : সংগৃহীত
পশ্চিম ইয়েমেনের আল-হুদায়দাহ প্রদেশে ভারী বৃষ্টিপাত ও বন্যায় ৮৪ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও ২৫ জন। শুক্রবার (৩০ আগস্ট) হুতি গোষ্ঠী এ তথ্য জানিয়েছে।
প্রদেশটির জরুরি কমিটির এক বিবৃতির বরাত দিয়ে হুতি সমর্থিত বার্তা সংস্থা সাবা নিউজ এজেন্সি জানিয়েছে, ‘আগস্টের শুরু থেকে এখন অবধি আল-হুদায়দাহ প্রদেশে হওয়া বন্যা ও ভারী বৃষ্টিপাতের ফলে মৃতের সংখ্যা বেড়ে ৮৪-তে দাঁড়িয়েছে। আহত হয়েছে আরও ২৫ জন।’
এতে আরও বলা হয়েছে,বন্যার পানি আল-হুদায়দাহ শহরের উত্তরাঞ্চলীয় প্রবেশদ্বার পর্যন্ত পৌঁছে গেছে। শত শত বাড়িঘর বন্যায় প্লাবিত হয়েছে,অবকাঠামো ও কৃষিজমির মারাত্মক ক্ষতি হয়েছে এবং শহরের বেশ কয়েকটি রাস্তা পানিতে ভেসে গেছে।
জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী, গত জুলাই থেকে ইয়েমেনে মৌসুমী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট আকষ্মিক বন্যায় কয়েক ডজন মানুষের মারা গেছে। এতে দেশটিতে প্রায় আড়াই লাখের বেশি বাস্তুচ্যুত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।
সূত্র : মিডেল ইস্ট মিরর, আনাদোলু