প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৪ ২১:৩০ পিএম
কুরস্কে ইউক্রেনের সেনাদের হাতে বন্দি রুশ সেনা (সংগৃহীত)
রাশিয়ার কুরস্ক অঞ্চলে তিন সপ্তাহের সামরিক অভিযানে ৫৯৪ জন রুশ
সেনা আটক এবং ১০০টি বসতি দখলের দাবি করেছে ইউক্রেন। গত মঙ্গলবার কিয়েভের কমান্ডার
ইন চিফ জেনারেল ওলেকসান্দর সিরস্কি এমন দাবি করেছেন। সিরস্কি
বলেন, সীমান্ত অঞ্চলে নতুন করে ৩০ হাজার সেনা মোতায়েন করেছে রাশিয়া। তারা পাল্টা
হামলা চালাতে চাইছে এবং ইউক্রেনীয় বাহিনীকে ঘিরে ফেলার পরিকল্পনা করছে। তবে
রাশিয়ার এমন প্রচেষ্টা প্রতিহত করা হচ্ছে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
কিয়েভে এক সম্মেলনে সিরস্কি স্বীকার করেছেন, কুরস্ক অঞ্চলে অভিযান চালানোর একটি লক্ষ্য হলো ইউক্রেনের পূর্বাঞ্চল থেকে রাশিয়ার সেনাদলগুলোকে সরানো। সিরস্কি বলেন, ইউক্রেনের দখল করা দক্ষিণাঞ্চল থেকে কিছু সেনাকে সরিয়ে নেওয়া হয়েছে। অন্য জায়গা থেকে সেনা প্রত্যাহারের চেষ্টা করছে রাশিয়া। তবে পোকরোভস্কে তারা তাদের তৎপরতা বাড়াচ্ছে। গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে দাবি করেন, রাশিয়া যেন নতুন করে আর ইউক্রেনের জমি দখল করতে না পারে, তা নিশ্চিত করতে এমনটা করা হয়েছে। রাশিয়ার ভূখণ্ডকে নিজেদের অন্তর্ভুক্ত করার কোনো পরিকল্পনা ইউক্রেনের নেই। ইউক্রেনে রাশিয়া নতুন করে বড় ধরনের হামলা শুরু করার পর জেলেনস্কি এই মন্তব্য করেছেন। গত মঙ্গলবার সকালে ক্রিভি রিহ শহরের একটি হোটেলে হামলা হয়। এতে দুজন নিহত হয়েছেন। জাপোরিঝঝিয়া শহরে ড্রোন হামলায় আরও তিনজন নিহত হয়েছে।
সূত্র
: মস্কো টাইমস