প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২২ আগস্ট ২০২৪ ২০:৩৬ পিএম
দালাই লামার সঙ্গে ন্যান্সি পেলোসি (সংগৃহীত)
তিব্বতের নির্বাসিত ধর্মীয় নেতা দালাই লামার সঙ্গে গত বুধবার (২১ আগস্ট) নিউইয়র্কে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তর ও হোয়াইট হাউসের
জ্যেষ্ঠ কর্মকর্তারা। ওই বৈঠকে মার্কিন কর্মকর্তারা তিব্বতে
মানবাধিকার নিশ্চিত করার অঙ্গীকারের বিষয়ে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। বিশেষজ্ঞরা মনে করছেন, ৮৯
বছর বয়সি দালাই লামার সঙ্গে মার্কিন কর্মকর্তাদের এই বৈঠক চীনকে ক্ষুব্ধ করে
তুলবে। কারণ চীন তাকে বিচ্ছিন্নতাবাদী নেতা হিসেবে চিহ্নিত করে
এবং তার সঙ্গে যেকোনো দেশের কর্মকর্তারা যোগাযোগ করলে এর বিরোধিতা
জানিয়ে থাকে।
তিব্বতে চীনা শাসনের বিরুদ্ধে অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পর
১৯৫৯ সালে ভারতে পাড়ি জমান দালাই লামা। গত জুনে হাঁটুর চিকিৎসার জন্য তিনি
নিউইয়র্কে যান। ২০১৭ সালের পর এবারই তার প্রথম
যুক্তরাষ্ট্র সফর। মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানায়, দালাই লামার সঙ্গে দেখা করতে নিউইয়র্কে
গেছেন মানবাধিকারবিষয়ক মার্কিন আন্ডার সেক্রেটারি ও তিব্বতবিষয়ক বিশেষ সমন্বয়ক
আজরা জেয়া। হোয়াইট হাউসের মানবাধিকারবিষয়ক পরিচালক কেলি রাজুকও বৈঠকে
উপস্থিত ছিলেন। মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের পক্ষ থেকে দালাই লামার
সুস্বাস্থ্য কামনা করেন আজরা জেয়া।
তিব্বতে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা মোকাবিলায় মার্কিন তৎপরতার ব্যাপারে আলোচনা করেছেন আজরা জেয়া। চীন ও দালাই লামার মধ্যে নতুন করে সংলাপ শুরু করার ব্যাপারে সমর্থন দিয়েছেন তিনি। অন্যদিকে ওয়াশিংটনে চীনা দূতাবাসের মুখপাত্র লিউ পেনগিয়ু জানান, দালাই লামার সঙ্গে মার্কিন কর্মকর্তাদের বৈঠকে ‘চরম উদ্বিগ্ন চীন’। তিনি দালাই লামার সঙ্গে কোনো যোগাযোগ না রাখার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান। এমন এক সময়ে এই বৈঠক যখন চীন-তিব্বত বিরোধ নিয়ে সম্প্রতি পাস হওয়া একটি বিল নিয়ে মার্কিন কংগ্রেসে আলোচনা হওয়ার কথা রয়েছে। দালাই লামার সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের নির্ধারিত বৈঠক নিয়ে চীন আগে সতর্ক করার ভঙ্গিতে জানিয়েছিল আমেরিকা যদি তিব্বতকে চীনের অংশ হিসাবে বিবেচনা না করে তবে চীন এ ব্যাপারে 'কঠোর ব্যবস্থা' নেবে।
সূত্র : ওয়াল স্ট্রিট জার্নাল