প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২২ আগস্ট ২০২৪ ২০:৩৩ পিএম
হামলার শিকার হওয়ার প্রায় এক মাস পর প্রথম প্রকাশ্য জনসভা
করেছেন প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। নর্থ
ক্যারোলিনায় গত বুধবার আয়োজিত সমাবেশে তিনি বলেন, ‘কমলা
হ্যারিস আমার দেখা সবচেয়ে কট্টর বামপন্থি প্রেসিডেন্ট
প্রার্থী। যদি হ্যারিস জেতেন, তাহলে লাখ লাখ চাকরি
রাতারাতি শেষ হয়ে যাবে।’ তিনি আরও দাবি করেছেন, ‘হ্যারিস
জিতলে আপনাদের যা জমানো অর্থ আছে, সব চলে যাবে। নভেম্বরে কমরেড হ্যারিস যদি
জেতেন, তাহলে নিশ্চিতভাবে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে।’
মূলত আগামী ৫ নভেম্বর যে প্রেসিডেন্ট নির্বাচন হবে, তাতে
নর্থ ক্যারোলিনা হলো সুইং স্টেট। এই সুইং স্টেট যার পক্ষে যাবে, তার
জেতার সম্ভাবনা তত বেশি। অন্যদিকে
ডেমোক্র্যাট সম্মেলনে কমলা হ্যারিসের সমর্থনে এবং ট্রাম্পের
সমালোচনায় মুখর হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন। তিনি বলেছেন, ট্রাম্প
স্বার্থপর, নিজেকে ছাড়া আর কিছু ভাবতে পারেন না। ক্লিন্টন বলেন, ‘হ্যারিসের
প্রতিপক্ষ শুধু নিজেকে নিয়েই বলেন। তাই পরেরবার যখন আপনারা তার কথা শুনবেন, তখন
তার মিথ্যা কথা দেখবেন না,
তিনি কতবার আমি বললেন, সেটা দেখবেন।’
মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভসের প্রথম নারী স্পিকার ন্যান্সি পেলোসি বলেছেন, আধুনিক সময়ে বাইডেন-হ্যারিস প্রশাসন হলো সবচেয়ে সফল প্রেসিডেন্সির মধ্যে একটি। তিনি জানিয়েছেন, ‘আমরা প্রমাণ করতে পেরেছি, ডেমোক্র্যাটরা কাজ করে দেখাতে পারে।’
সূত্র
: ওয়াশিংটন পোস্ট