প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৪ ১৬:৩৬ পিএম
আপডেট : ০৪ আগস্ট ২০২৪ ১৬:৪৮ পিএম
ছবি : সংগৃহীত
ইসরায়েলের উত্তরাঞ্চলে কয়েক ডজন কাতিউশা রকেট নিক্ষেপ করেছে হিজবুল্লাহ। দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলার জবাবে হিজবুল্লাহ এ রকেটগুলো ছুড়েছে। রবিবার (৪ আগস্ট) লেবাননের আল মানারা টিভি এ তথ্য জানিয়েছে।
অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ইসরায়েলের আয়রন ডোম বিমান প্রতিরক্ষা সিস্টেম দেশটির উত্তরাঞ্চলে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।
সিনহুয়াকে লেবাননের সামরিক সূত্র জানিয়েছে, শনিবার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দেইর সিরিয়ান গ্রামের কেন্দ্রস্থলে একটি ছোট দোকানকে লক্ষবস্তু করে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইসরায়েল। এতে লেবাননের এক বালক নিহত হয়েছে। তিন শিশুসহ আরও ছয়জন বেসামরিক নাগরিক আহত হয়েছে।
সূত্রটি আরও জানিয়েছে,আরেকটি হামলায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তায়ের হারফা গ্রামে ইসরায়েলি ড্রোন হামলায় একজন আহত হয়েছেন। তাকে টায়ার শহরের একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। শনিবার বিকেলে ইসরায়েলি ড্রোন ও যুদ্ধবিমান দক্ষিণ লেবাননের পাঁচটি শহর ও গ্রামে ছয়টি হামলা চালিয়েছে। ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের সীমান্ত এলাকার পূর্ব ও পশ্চিমে আটটি শহর ও গ্রামে গোলাবর্ষণ করেছে।
ইসরায়েলি সামরিক বাহিনী শনিবার জানিয়েছে, তাদের যুদ্ধবিমান দক্ষিণ লেবাননের তায়ের হারফা ও কাফর কিলায় হিজবুল্লাহর ব্যবহৃত বেশ কয়েকটি ভবনে হামলা চালিয়েছে। রবিবার টাইমস অব ইসরায়েলে এ তথ্য জানানো হয়েছে।
মঙ্গলবার (৩০ জুলাই) লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলায় হিজবুল্লাহর সামরিক কমান্ডার ফুয়াদ শুকর নিহত হন। হিজবুল্লাহ মহাসচিব হাসান নাসরুল্লাহ জানান, উপযুক্ত সময় ও স্থানে এ হামলার জবাব দেওয়া হবে।