রাশিয়া-পশ্চিমা বন্দি বিনিময়
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০২ আগস্ট ২০২৪ ১৬:৩৭ পিএম
আপডেট : ০২ আগস্ট ২০২৪ ১৬:৫৪ পিএম
ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক ইভান গার্শকোভিচ। ছবি : সংগৃহীত
রাশিয়া ও পশ্চিমা দেশগুলোর মধ্যে বন্দি বিনিময়ের অংশ হিসেবে ২৬ জন মুক্তি পেয়েছেন। তাদের মধ্যে যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক ইভান গার্শকোভিচ ও সাবেক মেরিন সেনা পল হুইলানও রয়েছেন। তারা যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন। বৃহস্পতিবার (১ আগস্ট) তাদের মুক্তি দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
বৃহস্পতিবার এক বিবৃতিতে বাইডেন বলেছেন,‘আজকে তিনজন আমেরিকান নাগরিক ও একজন আমেরিকান গ্রিনকার্ডধারী যাদেরকে রাশিয়া অন্যায়ভাবে কারাগারে বন্দি করে রেখেছিল তারা অবশেষে দেশে ফিরছেন। যে চুক্তি তাদের স্বাধীনতা নিশ্চিত করেছে তা কূটনীতির একটি কৃতিত্ব ছিল।’
তিনি আরও জানিয়েছেন, মুক্তি পাওয়া চারজন হলেন পল হুইলান, ইভান গার্শকোভিচ, আলসু কুরমাশেভা ও ভ্লাদিমির কারা-মুর্জা।
পাঁচজন জার্মান ও রশিয়ার সাত রাজনৈতিক বন্দিসহ মোট ১৬ জনকে পশ্চিমারা রাশিয়া কাছ থেকে মুক্তি দিয়েছে। বিবৃতিতে এমনটাই জানিয়েছে যুক্তরাষ্ট্র।
তুরস্কের মধ্যস্থতায় এ বন্দি বিনিময় চুক্তিটি সম্পন্ন হয়েছে। এই চুক্তিতে বেলারুশ, নরওয়ে, পোল্যান্ড ও স্লোভেনিয়াও জড়িত ছিল।
তুরস্কের কর্মকর্তারা জানিয়েছেন, এ বন্দি বিনিময়ের মাধ্যমে যুক্তরাষ্ট্র, নরওয়ে, স্লোভেনিয়া, পোল্যান্ড ও জার্মানির কারাগার থেকে রাশিয়ার ১০ বন্দি ছাড়া পেয়েছেন।
বাইডেন পরবর্তীতে জানান, মুক্তি পাওয়া বন্দিরা রাশিয়া থেকে তুর্কিতে গিয়ে পৌঁছেছেন। তারা সেখান থেকে শীঘ্রই তারা যুক্তরাষ্ট্রের পথে রওনা হবেন।
আলাদা এক বিবৃতিতে বাইডেন বলেন, ‘বন্দিদের সঙ্গে তাদের পরিবাররা ও আমি ওভাল অফিস থেকে ফোনে কথা বলেছি।’
গার্শকোভিচের মুক্তিকে স্বাগত জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল (ডব্লিউএসজে)। ডব্লিউএসজের প্রকাশক আলমার লাতুর ও এডিটর-ইন-চিফ এমা টাকার এক যৌথ বিবৃতিতে বলেছেন, ‘আমরা ইভান ও তার পরিবারের জন্য স্বস্থি অনুভব করছি। আমরা তাদের জন্য উচ্ছ্বসিত। দুর্ভাগ্যজনকভাবে রাশিয়া ও বিশ্বের অন্যান্য জায়গায় অন্যায়ভাবে অনেক সাংবাদিক কারাগারে বন্দি আছেন।’
২০২৩ সালে গুপ্তচরবৃত্তির অভিযোগে গার্শকোভিচকে গ্রেপ্তার করে রাশিয়া। গত মাসে তাকে ১৬ বছরের কারাদণ্ড দেওয়া হয়। ২০২০ সালে একই অভিযোগে হুইলানকেও আটক করেছিল রাশিয়া।