ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচন
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০২ আগস্ট ২০২৪ ১৩:৩৬ পিএম
আপডেট : ০২ আগস্ট ২০২৪ ১৩:৫৪ পিএম
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। ছবি : সংগৃহীত
ভ্যানিজুয়েলার বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর জয়কে প্রত্যাখ্যান করে দিয়েছে যুক্তরাষ্ট্র। তার প্রতিদ্বন্দ্বী ও বিরোধী দলীয় প্রার্থী এডমুন্ডো গনজালেজকে বিজয়ী হিসেবে স্বীকৃতি দিয়েছে। বৃহস্পতিবার (১ আগস্ট) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এক বিবৃতিতে এ বিষয়ে জানিয়েছেন।
বিবৃতিটিতে ব্লিঙ্কেন বলেছেন, ‘এডমুন্ডো গনজালেজ উরুতিয়া ভেনিজুয়েলার ২৮ জুলাইয়ের প্রেসিডেন্ট নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন। অকাট্য প্রমাণের পরিপ্রেক্ষিতে এটা যুক্তরাষ্ট্র ও ভেনিজুয়েলার জনগণের কাছে পরিষ্কার।’
ভেনিজুয়েলার নির্বাচনী পরিষদ নতুন প্রেসিডেন্ট হিসেবে মাদুরোর নাম ঘোষণা করেছে। তিনি রবিবারের (২৮ জুলাই) নির্বাচনে ৫১ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
কিন্তু তার এ জয় মেনে নেয়নি ভেনিজুয়েলার জনগণ ও বিরোধী দল। প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। এর জেরে ভেনিজুয়েলায় বিক্ষোভের ঝড়ে উঠেছে।