প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৬ জুলাই ২০২৪ ১১:৫৭ এএম
আপডেট : ২৬ জুলাই ২০২৪ ১২:৫১ পিএম
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (বাঁ দিকে) ও যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস গাজায় যুদ্ধের বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ‘খোলামেলা ও গঠনমূলক’ আলোচনা করেছেন।
বৃহস্পতিবার (২৫ জুলাই) হোয়াইট হাউসে নেতানিয়াহুর সঙ্গে মুখোমুখি বৈঠকের পর গাজায় চলমান যুদ্ধের কথা উল্লেখ করে হ্যারিস বলেছেন, ‘এ যুদ্ধ শেষ করার সময় এসেছে।’
রবিবার (২১ জুলাই) প্রেসিডেন্ট জো বাইডেন নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে সরে দাঁড়ানোর পর কমলা হ্যারিস ডেমোক্র্যাট দলের পক্ষে প্রেসিডেন্ট পদপ্রার্থী হতে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে।
হ্যারিস প্রেসিডেন্ট জো বাইডেনের চেয়ে কঠোর সুরে গাজায় যুদ্ধ শেষ করার বিষয়ে নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন।
নেতানিয়াহুর সঙ্গে প্রায় ৪০ মিনিটের বৈঠকের পর হ্যারিস বলেছেন, ‘ইসরায়েল ও ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের প্রতি আমার অঙ্গীকার অটল।’ তবে গাজায় ইসরায়েলি হামলায় হতাহতের বিষয়ে তার ‘গুরুতর উদ্বেগ’ স্পষ্ট করে তিনি নেতানিয়াহুকে বলেছেন, ‘ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে। আর এটি কীভাবে আত্মরক্ষা করে তা গুরুত্বপূর্ণ।’
গাজায় ভয়াবহ মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেছেন, ‘আমরা ফিলিস্তিনিদের কষ্ট দেখেও নিজেদের অসাড় হতে দিতে পারি না। আমি চুপ করে থাকব না। আসুন চুক্তিটি সম্পন্ন করি। তাহলে যুদ্ধ শেষ করার জন্য আমরা যুদ্ধবিরতি পেতে পারব। আসুন জিম্মিদের ঘরে ফিরিয়ে আনি। আসুন ফিলিস্তিনি জনগণের জন্য যে অতিপ্রয়োজনীয় স্বস্তি তা নিয়ে আসি।’
বৃহস্পতিবারের বৈঠকে হ্যারিস দ্বিরাষ্ট্র সমাধানের প্রয়োজনীয়তার ওপরও জোর দিয়েছেন। তিনি মার্কিনিদের প্রতি সংঘাতের সূক্ষ্মতা সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার হ্যারিসের আগে নেতানিয়াহু বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এর এক দিন আগে নেতানিয়াহু কংগ্রেসে হামাসের বিরুদ্ধে ‘সম্পূর্ণ বিজয়ের’ অঙ্গীকার দিয়ে একটি জ্বালাময়ী ভাষণ দেন। তখন হোয়াইট হাউসের বাইরে হাজার হাজার ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারী বিক্ষোভ করে।
গাজায় চলমান যুদ্ধের নবম মাসে ইসরায়েলি প্রধানমন্ত্রী দেশেবিদেশে যুদ্ধ শেষ করার জন্য চাপের মুখে রয়েছেন।
ইসরায়েলের প্রতি বাইডেনের সমর্থনের প্রশংসা করে নেতানিয়াহু তাকে ‘ধন্যবাদ’ জানিয়েছেন।
শুক্রবার যুক্তরাষ্ট্রের রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করার কথা রয়েছে নেতানিয়াহুর।
সূত্র : বিবিসি