প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৬ জুলাই ২০২৪ ০৯:১৪ এএম
আপডেট : ২৬ জুলাই ২০২৪ ১০:৫৮ এএম
ইয়েমেনের হুতি নেতা আবদুল মালিক আল-হুতি। ছবি : সংগৃহীত
ইয়েমেনের হুতি নেতা আবদুল মালিক আল-হুতি ইসরায়েলের তেল আবিবে তার সশস্ত্র গোষ্ঠী আরও হামলা চালাবে বলে হুমকি দিয়েছেন। বৃহস্পতিবার (২৫ জুলাই) দেশটির টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি এ হুমকি দেন।
আল-হুতি তার গোষ্ঠীর আল-মাসিরাহ টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক সাপ্তাহিক ভাষণে বলেছেন, ‘তেল আবিবকে লক্ষ করে যে আরও সামরিক অভিযান আসছে তা আমি নিশ্চিত করছি।’
গত সপ্তাহে তেল আবিবের একটি ভবনে ড্রোন হামলার দায় স্বীকার করেছিল হুতিরা। সে হামলায় একজন নিহত ও আরও ১০ জন আহত হয়।
আল-মাসিরাহ টেলিভিশন জানিয়েছে, এর প্রতিশোধস্বরূপ হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা ইয়েমেনের লোহিত সাগরের বন্দরনগরী হোদেইদাহ এলাকায় ইসরায়েল যুদ্ধবিমান থেকে বোমা হামলা চালায়। এতে ছয়জন নিহত ও ৮৩ জন আহত হয়।
গত বছরের নভেম্বর থেকে হুতি গোষ্ঠী লোহিত সাগর ও এডেন উপসাগরে ইসরায়েলের সঙ্গে সংযুক্ততা আছে এমন জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করে আসছে। তারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও বোমাবাহী ড্রোন ব্যবহার করে জাহাজগুলোর ওপর হামলা করছে। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি দখলদার বাহিনীর হামলার শিকার ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রদর্শনের জন্য তারা এ হামলাগুলো চালাচ্ছে।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এতে প্রায় ১ হাজার ২০০ জন নিহত হয়। আহত হয় ৪ হাজারের মতো। হামাস জিম্মি করে ২৪০ থেকে ২৫৩ জনকে।
হামাসের হামলার জবাবে ইসরায়েল গাজায় সর্বাত্মক যুদ্ধ শুরু করে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গাজায় এখন পর্যন্ত ৩৯ হাজার ১৭৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৯০ হাজার ৪০৩ ফিলিস্তিনি।