প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৫ জুলাই ২০২৪ ১৫:৫৭ পিএম
আপডেট : ২৫ জুলাই ২০২৪ ১৭:৫০ পিএম
ছবি : সংগৃহীত
রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কালুগা অঞ্চলের একটি এমআই-২৮ সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তার সব ক্রু নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ জুলাই) দেশটির দুটি বার্তা সংস্থা এ তথ্য জানিয়েছে।
কালুগার গভর্নর ভ্লাদিস্লাভ শাপশা সামাজিকমাধ্যম টেলিগ্রামে জানিয়েছেন, কালুগার ঝিজরিনস্কি জেলায় এ দুর্ঘটনাটি ঘটেছে।
একজন স্থানীয় কর্মকর্তা বার্তা সংস্থা তাসকে জানিয়েছেন, ইউক্রেনের সীমান্ত থেকে প্রায় ১৫০ কিলোমিটার (৯৩ মাইল) দূরে একটি জঙ্গলে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা তাস বলেছে, ‘কালুগা অঞ্চলে একটি এমআই-২৮ হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে হেলিকপ্টারের ক্রু নিহত হয়েছেন।’
কিন্তু কতজন ক্রু হেলিকপ্টারে ছিলেন তা বিবৃতিতে স্পষ্ট করে বলা হয়নি।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স বলেছে, ‘প্রাথমিক তথ্যানুসারে যান্ত্রিক ত্রুটির কারণে এ বিপর্যয়টি ঘটেছে। ঘটানাস্থলে রাশিয়ার অ্যারোস্পেস ফোর্সের একটি কমিশন কাজ করছে।’