প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৮ জুলাই ২০২৪ ১৬:১৭ পিএম
আপডেট : ১৮ জুলাই ২০২৪ ১৬:৪৬ পিএম
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। ছবি : সংগৃহীত
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ দেশটির রাজধানী কুয়ালালামপুরের একটি হাসপাতালে ভর্তি আছেন। বৃহস্পতিবার (১৮ জুলাই) মালয় মেইল এ খবর জানিয়েছে।
৯৯ বছর বয়সী মাহাথির ১৫ জুলাই থেকে কাশির জন্য জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে (আইজেএন) ভর্তি আছেন। তাকে আরও কয়েকদিন হাসপাতালে থাকতে হবে। বৃহস্পতিবার তার মুখপাত্র সুফি ইউসুফ এ তথ্য জানিয়েছেন। কিন্তু তার (মাহাথির) অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি।
মাহাথির এর আগেও বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি হয়েছেন। তার হার্টেও সমস্যা রয়েছে। তিনি কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছিলেন। তিনি চলতি বছরের শুরুতে অনির্ধারিত সংক্রমণের জন্য ৫৩ দিন হাসপাতালে ভর্তি ছিলেন।
তিনি দুইবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০০৩ সালে তার প্রথম মেয়াদের প্রধানমন্ত্রীত্ব শেষ হয়। ২০১৮ সালে ৯২ বছর বয়সে তিনি দ্বিতীয় মেয়াদে দেশটির প্রধানমন্ত্রী হন। ২০১৮ সালের নির্বাচনে তিনি একসময় যে দলের নেতৃত্ব দিতেন সে দলকে পরাজিত করে বিরোধী জোটকে ঐতিহাসিক বিজয় এনে দেন। কিন্তু অভ্যন্তরীণ মতবিরোধের কারণে মাত্র দুই বছরেরও কম সময়ের মধ্যে তার সরকারের পতন ঘটে। যার ফলে ২০২০ সালে তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন।
মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন (এমএসিসি) তার বিরুদ্ধে সম্পদের হিসাব সংক্রান্ত বিষয়ে তদন্ত করছে।
সূত্র: জিও নিউজ