প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৭ জুলাই ২০২৪ ১৬:৫২ পিএম
আপডেট : ১৭ জুলাই ২০২৪ ১৬:৫৭ পিএম
গত শনিবার যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় এক নির্বাচনী সভায় বক্তব্য দেওয়ার সময় ডোনাল্ড ট্রাম্পেকে গুলি করা হয়। গুলির পর মঞ্চে ডোনাল্ড ট্রাম্পকে নিরাপদে সরিয়ে নিতে ঝাঁপিয়ে পড়েন সিক্রেট সার্ভিস এজেন্টের সদস্যরা। ছবি : সংগৃহীত
ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র করেছিল ইরান—মার্কিন যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে প্রকাশিত এই প্রতিবেদন ক্ষুব্ধ কণ্ঠে প্রত্যাখ্যান করেছে ইরান সরকার।
মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে হামলার শিকার হন। তার কানে গুলি লাগে। অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি।
বুধবার (১৭ জুলাই) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেছেন, ইরান ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র করেছে এমন ‘নোংরা অভিযোগ’ ইরান সরকার প্রত্যাখ্যান করেছে। তবে নাসের কানানি জোর দিয়ে বলেছেন, ২০২০ সালে ইরানের একজন সিনিয়র সামরিক কর্মকর্তাকে হত্যার আদেশ দেওয়ার জন্য ট্রাম্পের বিরুদ্ধে মামলা করার লক্ষ্য রয়েছে ইরানের।
নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাতে মার্কিন গণমাধ্যম সিএনএন মঙ্গলবার বলেছে, মার্কিন কর্তৃপক্ষ কয়েক সপ্তাহ আগে ট্রাম্পের ওপর ইরানি হুমকির কথা জানতে পেরেছে। এ কারণে ট্রাম্পের জন্য নিরাপত্তা জোরদার করা হয়েছিল। তা সত্ত্বেও গত শনিবার পেনসিলভানিয়ায় এক সমাবেশে ট্রাম্পের ওপর হামলা হয়। তবে মার্কিন প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের হুমকি পেনসিলভানিয়ায় গুলি-হামলার সাথে যুক্ত ছিল না। পেনসিলভানিয়ায় এই হামলার জন্য দায়ী ২০ বছর বয়সী একজন বন্দুকধারী। এই হামলা ছিল বন্দুকধারীর একক পরিকল্পনা। এর সঙ্গে অন্য কেউ জড়িত নয়।
নাসের কানানি বলেন, ‘ইরানের বিরুদ্ধে ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রের যে নোংরা অভিযোগ তোলা হয়েছে, তা দূষিত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে বিবেচনা করে ইরান সরকার।’