প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ জুলাই ২০২৪ ১৭:১৩ পিএম
আপডেট : ১৪ জুলাই ২০২৪ ১৮:০৮ পিএম
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ (বাঁ দিক থেকে), রোনাল্ড রিগ্যান, ডোনাল্ড ট্রাম্প, বিল ক্লিনটন। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর পেনসিলভানিয়ায় একটি নির্বাচনী সমাবেশে বন্দুক হামলা হয়েছে। এতে তার ডান কানে গুলি লেগেছে। এ হামলায় সমাবেশে অংশগ্রহণকারী এক ব্যক্তি নিহত ও আরও দুজন আহত হয়েছেন। পুলিশের গুলিতে বন্দুকধারী নিহত হয়েছেন।
ট্রাম্পের ওপর হওয়া শনিবারের হামলা যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও প্রেসিডেন্ট পদপ্রার্থীদের ওপর হত্যাচেষ্টার দীর্ঘ ইতিহাসকেই প্রতিফলিত করেছে।
ট্রাম্পের আগেও চারজন প্রেসিডেন্টকে ও একজন প্রেসিডেন্ট পদপ্রার্থীকে হত্যা করা হয়েছে। হামলার শিকার হয়েছেন আরও বেশ কয়েকজন প্রেসিডেন্ট।
অ্যান্ড্রু জ্যাকসন (১৮৩৫)
১৮৩৫ সালে যুক্তরাষ্ট্রের সপ্তম প্রেসিডেন্ট অ্যান্ড্রু জ্যাকসনের ওপর ক্যাপিটাল বিল্ডিং-এর বাহিরে হামলা করা হয়েছিল। রিচার্ড লরেন্স এ হামলা করেছিলেন। কিন্তু তার কোনো পিস্তলের গুলিই জ্যাকসনের শরীরে লাগেনি।
আব্রাহাম লিঙ্কন (১৮৬৫)
যুক্তরাষ্ট্রের ১৬তম প্রেসিডেন্ট ছিলেন আব্রাহাম লিঙ্কন। তিনি ১৮৬৫ সালে ওয়াশিংটন ডিসিতে ফোর্ডস থিয়েটারে একটি পারফরম্যান্সে উপস্থিত হয়েছিলেন। তখন উইকস বুথ নামে এক ব্যক্তি তাকে হত্যা করেন। এর আগে ১৮৬৪ সালেও তার ওপর হামলা হয়েছিল। কিন্তু সেবার তিনি প্রাণে বেঁচে গিয়েছিলেন।
জেমস এ গারফিল্ড (১৮৮১)
যুক্তরাষ্ট্রের ২০তম প্রেসিডেন্ট ছিলেন জেমস এ গারফিল্ড। চার্লস গুইটো নামে এক ব্যক্তি ১৮৮১ সালে ওয়াশিংটন ডিসির একটি ট্রেন স্টেশনে দুবার গারফিল্ডের ওপর আক্রমণ করেন। এতে গুরুতর আহত হয়ে কয়েকমাস ভুগে ওই বছরই মারা যান তিনি।
উইলিয়াম ম্যাককিনলি (১৯০১)
উইলিয়াম ম্যাককিনলি যুক্তরাষ্ট্রের ২৫তম প্রেসিডেন্ট। তিনি ১৯০১ সালে নিউইয়র্কের বাফেলোতে একটি পাবলিক ইভেন্টে বন্দুক হামলায় নিহত হন। লিওন সিজোলগোজ নামক এক নৈরাজ্যবাদী তার ওপর দুবার গুলি চালিয়েছিলেন।
ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট (১৯৩৩)
১৯৩৩ সালে ফ্রাঙ্কলিন ডি রুজভেল্টের গাড়ি লক্ষ্য করে জিউসেপ্পে জাঙ্গারা নামক একজন ইতালীয় অভিবাসী গুলি ছুড়েছিলেন। কিন্তু তিনি গুলিটি নির্ধারিত লক্ষ্যে লাগাতে পারেননি।
হ্যারি এস ট্রুম্যান (১৯৫০)
যুক্তরাষ্ট্রের ৩৩তম প্রেসিডেন্ট ছিলেন হ্যারি এস ট্রুম্যান। ১৯৫০ সালে দুজন পুয়ের্তো রিকান জাতীয়তাবাদী তাকে হত্যার চেষ্টা করেছিল।
জন এফ কেনেডি (১৯৬৩)
১৯৬৩ সালের ২২ নভেম্বর যুক্তরাষ্ট্রের তৎকালীর প্রেসিডেন্ট জন এফ কেনেডি টেক্সাসের ডেলাসে হামলায় নিহত হন। তার পিঠে ও মাথায় আঘাত করা হয়েছিল।
রবার্ট এফ কেনেডি ( ১৯৬৮)
১৯৬৮ প্রেসিডেন্ট পদপ্রার্থী রবার্ট এফ কেনেডির ওপর হামলা করা হয়। যাতে তিনি নিহত হন।
জেরাল্ড ফোর্ড (১৯৭৫)
প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ড ১৯৭৫ সালে দুটি হত্যা চেষ্টার মুখোমুখি হন। দুবারই তাকে হত্যার চেষ্টাকারী ব্যক্তিরা নারী ছিলেন।
রোনাল্ড রিগ্যান (১৯৮১)
১৯৮১ সালে যুক্তরাষ্ট্রের ৪০তম প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যার ওয়াশিংটনের একটি হোটেলের বাইরে জন হিঙ্কলি জুনিয়র দ্বারা আহত হয়েছিলেন।
বিল ক্লিনটন (১৯৯৪)
১৯৯৪ সালে ফ্রান্সিসকো মার্টিন ডুরান হোয়াইট হাউসে গুলি চালান। তখন এ হামলার শিকার হন বিল ক্লিনটন।
জর্জ ডব্লিউ বুশ (২০০৫)
২০০৫ সালে জর্জিয়ার তিবলিসিতে এক বক্তৃতা দেওয়ার সময় জর্জ ডব্লিউ বুশের দিকে গ্রেনেড নিক্ষেপ করা হয়। কিন্তু গ্রেনেডটি বিস্ফোরিত হয়নি।
এ ছাড়াও প্রেসিডেন্ট পদপ্রার্থী থিওডোর রুজভেল্ট (১৯১২) ও জর্জ ওয়ালেস (১৯৭২) হামলার শিকার হয়েছেন।