প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৩ জুলাই ২০২৪ ১১:৩০ এএম
আপডেট : ১৩ জুলাই ২০২৪ ১১:৩৯ এএম
ফার্নান্দো ভিলাভিসেনসিওর বিধবা স্ত্রী ভেরোনিকা সারাউজের আইনজীবী হুগো এসপিন গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন। শুক্রবার (১২ জুলাই) ইকুয়েডরের কুইটোর আদালতের বাহির থেকে তোলা। ছবি : সংগৃহীত
ইকুয়েডরের প্রেসিডেন্ট পদপ্রার্থী ফার্নান্দো ভিলাভিসেনসিওকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত পাঁচ ব্যক্তিকে ১২ থেকে ৩৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। শুক্রবার (১২ জুলাই) দেশটির একটি আদালত এ রায় দিয়েছেন।
মাদক পাচারকারী দল ‘লস লোবোস’-এর অন্যতম নেতা কার্লোস অ্যাঙ্গুলো ওরফে ‘অদৃশ্য’ ও লরা কাস্তিলোকে এ হত্যাকাণ্ডের ষড়যন্ত্রের জন্য সর্বোচ্চ ৩৪ বছর আট মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
অন্য দুই পুরুষ ও এক নারীকে তাদের সহযোগিতা করায় ১২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
ভিলাভিসেনসিওর পরিবারের দুর্ভোগের জন্য আদালত সম্পূর্ণ ক্ষতিপূরণও দাবি জানিয়েছেন।
চলতি বছরের জুনের শেষের দিকে এ মামলার বিচার শুরু হয়েছিল। যার রায় এলো শুক্রবার। আদালতের তিন বিচারকের একজন মিল্টন মারোটো রায়টি পড়ে শুনিয়েছেন। যাতে বলা হয়েছে, প্রসিকিউশন ও ডিফেন্স উভয়েই এ বিষয়ে আপিল করতে পারবে।
৫৯ বছর বয়সি সাংবাদিক ও সাবেক আইনপ্রণেতা ভিলাভিসেনসিও ২০২৩ সালের ৯ আগস্ট কুইটো শহরে একটি রাজনৈতিক সমাবেশ থেকে বের হওয়ার সময় সশস্ত্র হামলায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন।
গত বছর ইকুয়েডরের তৎকালীন প্রেসিডেন্ট গুইলারমো লাসো রাজনৈতিক সংকটের মধ্যে জাতীয় পরিষদ ভেঙে দেন। এরপর আগাম নির্বাচনের প্রচার চালানোর সময়ই ভিলাভিসেনসিও প্রাণঘাতী হামলার শিকার হন।