প্রবা ডেস্ক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২২ ১১:০৩ এএম
আপডেট : ১৮ নভেম্বর ২০২২ ১২:৩৪ পিএম
রাশিয়ার হামলার পর ইউক্রেনের ধ্বংসাবশেষ। ছবি : সংগৃহীত
রাশিয়ার সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলার পর ইউক্রেনের প্রায় ১ কোটি নাগরিক বিদ্যুৎহীন হয়ে পড়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ ছাড়া হামলায় নিহত হয়েছেন অন্তত সাতজন।
বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার (১৭ নভেম্বর) নতুন করে হামলা শুরু করেছে মস্কো। হামলায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
রাশিয়ার সর্বশেষ ওই হামলার লক্ষ্যবস্তু ছিল দিনিপ্রোর একটি ক্ষেপণাস্ত্র কারখানা এবং এর পুবের একটি গ্যাস উৎপাদন কেন্দ্র।
প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী ছয়টি ক্রুজ মিসাইল ও পাঁচটি ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে।
এদিকে হামলার কারণে রাজধানী কিয়েভ, পশ্চিমাঞ্চলীয় ভিনিসিয়া শহর, দক্ষিণ-পশ্চিমে ওডেসা বন্দর শহর ও উত্তর-পূর্বে সুমির বাসিন্দারা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন।
জেলেনস্কি বলেন, ‘বিদ্যুৎ সংযোগ ফের চালু করার জন্য সম্ভাব্য সব প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ।’
পাশাপাশি তিনি রাশিয়াকে তার জনগণের বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ ধ্বংস করার জন্য অভিযুক্ত করেছেন।
দক্ষিণাঞ্চলীয় শহর জাপোরিঝিয়ার কাছে ভিলনিয়ানস্কে একটি ভবনে ক্ষেপণাস্ত্র আঘাত হানলে এতে সাতজন মারা যান।
ইউক্রেনের অংশীদারদের প্রতি দেশটির আকাশের পূর্ণ সুরক্ষা দেওয়ার জন্য এদিন ফের আহ্বান জানান জেলেনস্কি। এমন পদক্ষেপ রাশিয়াকে যুদ্ধ শেষ করতে বাধ্য করবে বলে উল্লেখ করেন তিনি।
তবে মস্কোর অভিযোগ, কিয়েভ যুদ্ধ বন্ধের আলোচনায় অনিচ্ছুক।