প্রবা প্রাতিবেদন
প্রকাশ : ১০ জুলাই ২০২৪ ১৬:০৩ পিএম
আপডেট : ১০ জুলাই ২০২৪ ১৬:১০ পিএম
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (বাঁ দিকে) সঙ্গে করমর্দন করছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার (৯ জুলাই) রাশিয়ার মস্কো থেকে তোলা। ছবি : সংগৃহীত
রাশিয়ার সঙ্গে ভারতের ভালো সম্পর্ক রয়েছে । যা ভারতকে ইউক্রেনের যুদ্ধ শেষ করতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অনুরোধ করার ক্ষমতা দিয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজের মুখপাত্র কারিন জিন-পিয়ের এ কথা বলেছেন।
সোমবার (৮ জুলাই) ইউক্রেনের রাজধানী কিয়েভে একটি শিশু হাসপাতালে প্রাণঘাতি হামলা চালায় রাশিয়া। এতে প্রায় ২৩ জন নিহত হয়। মঙ্গলবার শিশু হাসপাতালে হামলার বিষয়ে উল্লেখ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পুতিনকে বলেছেন, ‘নিষ্পাপ শিশুদের মৃত্যু বেদনাদায়ক ও ভয়ঙ্কর।’ এরপরই জিন-পিয়েরে এই মন্তব্য করেন।
একটি তাৎপর্যপূর্ণ কূটনৈতিক ভঙ্গিতে মঙ্গলবার মোদিকে রাশিয়ার সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘অর্ডার অব সেন্ট অ্যান্ড্রু দ্য অ্যাপোস্টল’ সম্মানে ভূষিত করেছেন পুতিন।
মস্কোতে এক অনুষ্ঠানে পুরস্কার গ্রহণের পর সামাজিক মাধ্যম এক্সের একটি পোস্টে মোদি বলেছেন, ‘আমাকে রাশিয়ার সর্বোচ্চ বেসামরিক সম্মানে ভূষিত করার জন্য আমি আপনার কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। এটা কেবল আমার সম্মান না, এটা ১৪০ কোটি ভারতীয়র সম্মান। এটি ভারত ও রাশিয়ার মধ্যে পুরনো ও গভীর বন্ধুত্ব এবং পারস্পরিক বিশ্বাসের সম্মান।’
সোমবার ও মঙ্গলবার দুদিন রাশিয়া সফরে ছিলেন মোদি। মঙ্গলবার সন্ধ্যায় তিনি অস্ট্রিয়া সফরে গিয়েছেন। ১৯৮৩ সালে ইন্দিরা গান্ধী ভারতের শেষ প্রধানমন্ত্রী ছিলেন যিনি অস্ট্রিয়া সফরে গিয়েছিলেন। এর দীর্ঘ ৪১ বছর পর অস্ট্রিয়া সফর করা ভারতের প্রথম প্রধানমন্ত্রী হলেন মোদি।
সূত্র : রয়টার্স, এনডিটিভি , দ্য টাইমস অব ইন্ডিয়া