ভারতে পদপিষ্ট হয়ে নিহত
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৬ জুলাই ২০২৪ ১০:৩২ এএম
আপডেট : ০৬ জুলাই ২০২৪ ১৩:১৮ পিএম
পদপিষ্ট হয়ে কমলেশ জাতভ ও তার সাত মাস বয়সি মেয়ের মৃত্যুতে স্বজনরা আহাজারি করছেন। ৩ জুলাই ভারতের উত্তরপ্রদেশের হাতরস জেলার দৌনকেলি গ্রাম থেকে তোলা। ছবি : সংগৃহীত
গত সপ্তাহে ভারতে ধর্মীয় প্রচারকের এক অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে ১২১ জন নিহত হয়েছে। এ ঘটনায় অনুষ্ঠানের প্রধান আয়োজক দেবপ্রকাশ মধুকর পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। শুক্রবার (৫ জুলাই) ধর্মীয় প্রচারকের আইনজীবী এ পি সিং এ তথ্য জানিয়েছেন।
অনিচ্ছাকৃত হত্যাচেষ্টাসহ একাধিক অভিযোগে পুলিশ একটি প্রাথমিক প্রতিবেদন দায়ের করেছে। যাতে মধুকরকে মূল সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাকে ধরিয়ে দিতে তথ্য প্রদান সাপেক্ষে ১ লাখ রুপির (১ হাজার ২০০ ডলার) পুরস্কার ঘোষণা করেছিল পুলিশ।
‘ভোলে বাবার’ আইনজীবী এ পি সিং অনুষ্ঠানের আয়োজকদের দ্বারা কোনো ধরনের অন্যায় কাজ করার অভিযোগ অস্বীকার করেছেন।
সিং সাংবাদিকদের বলেছেন, ‘মধুকর মঙ্গলবারের (২ জুলাই) ধর্মীয় অনুষ্ঠানের প্রধান আয়োজক ছিলেন। তিনি দিল্লি থেকে আত্মসমর্পণ করেছেন। আমরা তার জন্য আগাম জামিন চাচ্ছি না। হৃদযন্ত্রের সমস্যার জন্য তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। আমরা লুকানোর চেষ্টা করছি না।’
মঙ্গলবার উত্তরপ্রদেশ রাজ্যের হাতরস জেলার সিকান্দ্রারাউ এলাকার রতিভানপুর গ্রামে একটি ‘সৎসঙ্গ’ অনুষ্ঠান আয়োজিত হয়। সেখানে উপস্থিত মানুষের সংখ্যা অনুমোদিত ধারণক্ষমতার তিন গুণ ছিল। জেলা কর্তৃপক্ষ ৮০ হাজার মানুষের উপস্থিতির অনুমতি দিয়েছিল। কিন্তু প্রায় আড়াই লাখ মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিল।
সে অনুষ্ঠানে ‘ভোলে বাবা’ নামে পরিচিত একজন ধর্মীয় প্রচারক অনুসারীদের উদ্দেশে ভাষণ দেন। এরপর তিনি গাড়িতে করে অনুষ্ঠানটি থেকে বের হওয়ার সময় হাজার হাজার ভক্ত তার নাম নিয়ে চিৎকার করে গাড়ির পেছনে দৌড়াতে শুরু করে। তারা বসে থাকা ব্যক্তিদের ওপর পড়ে যায়। আবার কেউ কেউ পাশের কাদা ও কাদার মাঠেও পড়ে যায়। তখনই পদপিষ্ট হওয়ায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।