× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুক্তরাজ্যে নির্বাচন

হেভিওয়েট মন্ত্রীদের হারের রেকর্ড

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ জুলাই ২০২৪ ২২:১৬ পিএম

ছবি: প্রবা

ছবি: প্রবা

যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে ভোটের ফল প্রকাশ শেষ হয়েছে। নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়ে ক্ষমতায় যাচ্ছে লেবার পার্টি। দীর্ঘ ১৪ বছর পর স্যার কিয়ের স্টারমারের লেবার পার্টি এবার সরকার গঠন করবে। ভরাডুবি হয়েছে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির। ভরাডুবির শঙ্কা ছিল স্বয়ং ঋষি সুনাকেরও। নিজের আসনে হারার আশঙ্কা করছিলেন তিনি। তবে শেষতক এমন কিছুই ঘটেনি। ঋষি সুনাক উত্তর ইংল্যান্ডে তার আসনটি ধরে রাখতে সক্ষম হয়েছেন। ঋষি সুনাক বেঁচে গেলেও তার দলের হেভিওয়েট প্রার্থীদের মধ্যে বেশিরভাগই হেরেছেন। হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রয়েছেন যুক্তরাজ্যের সাবেক চার প্রধানমন্ত্রীও। ফলে কনজারভেটিভ পার্টির মধ্যেই শুরু হয়েছে নানা শঙ্কা। সাবেক কনজারভেটিভ প্রধানমন্ত্রী বরিস জনসন, থেরেসা মে ও ডেভিড ক্যামেরনের আসনগুলো লেবার ও লিবারেল ডেমোক্র্যাটদের দখলে গেছে। বর্তমান উইটনি আসনে পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন ও মেইডেনহেড আসনে থেরেসা মে হেরে গেছেন। দুটি আসনেই জয় পেয়েছেন লিব-ডেমের প্রার্থীরা।

যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে রেকর্ডসংখ্যক মন্ত্রী পরাজিত হওয়া আরেকটি নতুন রেকর্ড। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে প্রধানমন্ত্রী ঋষি সুনাকের মন্ত্রিসভার অন্তত ৯ সদস্য হেরেছেন। এখন পর্যন্ত এটিই দলটির সবচেয়ে বড় হার। এর আগে ১৯৯৭ সালে দলটির সাতজন মন্ত্রী হেরেছিলেন। এবারের নির্বাচনে পরাজিত মন্ত্রীদের মধ্যে আছেনÑ প্রতিরক্ষামন্ত্রী গ্র্যান্ট শ্যাপস, কমন্স নেতা পেনি মর্ডান্ট, বিচারমন্ত্রী অ্যালেক্স চক, শিক্ষামন্ত্রী গিলিয়ান কিগান, সংস্কৃতিমন্ত্রী লুসি ফ্রেজার, বিজ্ঞানমন্ত্রী মিশেল ডোনেলান, প্রবীণবিষয়ক মন্ত্রী জনি মার্সার, ওয়েলসবিষয়ক মন্ত্রী ডেভিড টিসি ডেভিস, পরিবহনমন্ত্রী মার্ক হারপার

দিনের শুরুতেই ভোটের ফল ঘোষণায় সবার প্রথমে লিজ ট্রাসের পরাজয়ের খবর মিলে। ব্রিটেনের সাবেক এই প্রধানমন্ত্রী লিজ ট্রাস নির্বাচনে পরাজিত হয়েছেন। শুক্রবার ঘোষিত ফল অনুযায়ী পূর্ব ইংল্যান্ডের নরফোক সাউথ ওয়েস্ট আসনে ৬৩০ ভোটে হেরেছেন তিনি। লেবার পার্টির প্রার্থী টেরি জেরমির কাছে পরাজিত হয়ে তিনি পার্লামেন্টের আসন হারালেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। অবশ্য ভোটের আগেই অনেকে ধারণা করছিলেন লিজ ট্রাস এই নির্বাচনে পরাজিত হবেন। ২০২২ সালে মাত্র ৪৯ দিন ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন লিজ ট্রাস। ওই সময় তাকেই সবচেয়ে যোগ্য প্রার্থী বিবেচনা করা হয়েছিল। ২০১৯ সালের নির্বাচনে তিনি ২৬ হাজারের বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন। স্থানীয় সময় সকাল ৭টার কিছু পর ট্রাসের পরাজয়ের ঘোষণা আসে। ২০১০ সাল থেকে এমপি হিসেবে দায়িত্ব পালন করা ট্রাস মঞ্চে উঠতে কিছুটা সময় নেন। কিছুক্ষণ অপেক্ষায় ছিলেন অপর প্রার্থীরা। তবে তিনি কোনো মন্তব্য না করেই মঞ্চ থেকে সরে যান। পরবর্তীকালে বিবিসিকে এক সাক্ষাৎকারে ট্রাস বলেন, কনজারভেটিভরা জনগণের চাহিদা অনুসারে পর্যাপ্ত কাজ করতে পারিনি। আমিও এর অংশ ছিলাম। তাই আমাদের দল ব্যর্থ হয়েছে।

উক্সব্রিজ অ্যান্ড সাউথ রুইস্লিপ আসনে বরিস জনসন ও সাউথ ওয়েস্ট নরফোক আসনে লিজ ট্রাস লেবার পার্টির প্রার্থীর কাছে হেরে গেছেন। কনজারভেটিভ পার্টির জ্যেষ্ঠ নেতা প্রতিরক্ষামন্ত্রী গ্র্যান্ট শ্যাপস ও বিচারমন্ত্রী অ্যালেক্স চকও লেবার পার্টির প্রার্থীদের কাছে হেরেছেন। শিক্ষামন্ত্রী গিলিয়ান কিগান হেরেছেন লিবারেল ডেমোক্র্যাটস (লিব-ডেম) প্রার্থীর কাছে। আরেক জ্যেষ্ঠ নেতা পেনি মর্ডান্টও নির্বাচনে হেরে গেছেন। অভিবাসনমন্ত্রী টম পার্সগ্লোভ লেবার পার্টির প্রার্থীর কাছে হেরেছেন।

যুক্তরাজ্যের এবারের নির্বাচনে ক্ষমতাসীন কনজারভেটিভরা ২০০টির বেশি আসন হারিয়েছে। ১৯৯৭ সালে বিপুল জয়ের মধ্য দিয়ে লেবার পার্টিকে ক্ষমতায় বসিয়েছিলেন টনি ব্লেয়ার। প্রায় তিন দশক পর একই রকম জয় পেয়ে ক্ষমতায় আসছে বামপন্থি দলটি। ডানপন্থি রিফর্ম ইউকে পার্টির আলোচিত-সমালোচিত নেতা নাইজেল ফারাজ জয় পেয়েছেন। আটবারের চেষ্টায় তিনি প্রথমবারের মতো পার্লামেন্টে যাচ্ছেন। লেবার পার্টির সাবেক নেতা জেরেমি করবিন জয় পেয়েছেন। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়েন।

নির্বাচনে ৪১২ আসনে জয় পেয়েছে লেবার পার্টি। কনজারভেটিভ পার্টি পেয়েছে ১২১ আসন। লিবারেল ডেমোক্র্যাটস পার্টি পেয়েছে ৭১ আসন। সংখ্যাগরিষ্ঠতা পেতে ৩২৬ আসনে জয় প্রয়োজন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা