প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৫ জুলাই ২০২৪ ২১:৫৬ পিএম
ফিলিস্তিনপন্থী করবিন লেবার পার্টির প্রতিদ্বন্দ্বীকে হারিয়েছেন
ব্রিটেনের সাধারণ নির্বাচনে লেবার পার্টি জিতলেও দলটির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বেশ কিছু এলাকায় তাদের প্রার্থীরা গাজাপন্থি স্বতন্ত্র প্রার্থীদের কাছে হেরে গেছেন। আরও অনেকে পড়েছেন শক্ত প্রতিদ্বন্দ্বিতায়। এর মধ্যে দলটির জন্য বড় আঘাত হলো শ্যাডো মিনিস্টার জনাথন অ্যাশওয়ার্থ লেস্টারের সাউথ আসনে হেরে যাওয়া। যেখানে আগে প্রায় ২২ হাজার ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন তিনি। ১০ শতাংশের বেশি মুসলিম ভোট আছেÑ এমন আসনগুলোতে লেবার পার্টির ভোট কমেছে গড়ে ১১ শতাংশ।
ইলফোর্ড নর্থে শ্যাডো স্বাস্থ্যমন্ত্রী ওয়েস
স্ট্রিটিং আগে জয়লাভ করেছিলেন ৯ হাজার ভোটের ব্যবধানে। এবার তার জয়ের পার্থক্য
মাত্র ৫২৮ ভোট। তবে জর্জ গ্যালাওয়ের কাছ থেকে রোচডেলের আসন পুনরুদ্ধার করেছেন
লেবার পার্টির প্রার্থী পল ওয়াহ।
যেখানে মুসলিম ভোটার বেশি সেখানেই দলটি খারাপ করেছে।
যতটুকু জানা যাচ্ছে, লেবার পার্টি অধিক মুসলিম জনগোষ্ঠী আছে এমন পাঁচটি আসনে হেরে
গেছে। এর মধ্যে চারটিতে স্বতন্ত্র আর একটিতে কনজারভেটিভ প্রার্থী জয়ী হয়েছেন।
লেস্টার সাউথ আসনে শোকাত অ্যাডাম ৯৭৯ ভোটে জয়ের পর
ঘোষণা করেছেন ‘এটা গাজার জন্য’। এই আসনে ৩০ শতাংশ ভোটার মুসলিম। ১৩ বছর ধরে মি.
অ্যাশওয়ার্থ আসনটি ধরে রেখেছিলেন। কাছেই লেস্টার ইস্ট আসনে স্বতন্ত্র প্রার্থীরা
কয়েক হাজার ভোট পাওয়ায় সুবিধা পেয়েছেন কনজারভেটিভ প্রার্থী। বিশেষ করে সাবেক লেবার
পার্টির এমপি ক্লাউডিয়া ওয়েব্বের এলাকায়।
মিস ওয়েব্বে হয়রানির দায়ে দোষী সাব্যস্ত হওয়ার পর দল
থেকে বহিষ্কার হয়েছিলেন। তবে তিনি ফিলিস্তিনপন্থি হিসেবে সোচ্চার কণ্ঠ। তার সাবেক
আসনে টোরি প্রার্থী জয় পেয়েছে ৪৪২৬ ভোটে, যা মিস ওয়েব্বের প্রাপ্ত ভোটের চেয়ে
কম। বার্মিংহামের পেরি বার এলাকা লেবার পার্টির খালিদ মাহমুদ ৫৭০ ভোটে হেরে গেছেন
স্বতন্ত্র প্রার্থী আয়ুব খানের কাছে।
অন্যদিকে স্বতন্ত্র প্রার্থীরা যারা গাজাকেই তাদের
প্রচারণার কেন্দ্রবিন্দুতে রেখেছিলেন তারা ডিউজবুরি, বাটলে, ব্ল্যাকবার্ন এলাকায় জয়ী হয়েছেন, যেখানে আগে লেবার
পার্টির ভালো সংখ্যাগরিষ্ঠতা ছিল। মুসলিম জনগোষ্ঠী বেশ বড় এমন আরও কিছু এলাকায়
সিনিয়র লেবার নেতারা খুব অল্প ভোটের ব্যবধানে জয়ী হতে পেরেছেন। সূত্র : বিবিসি