প্রবা ডেস্ক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২২ ১৭:১৭ পিএম
আপডেট : ১৭ নভেম্বর ২০২২ ১৮:০৮ পিএম
সদ্যসমাপ্ত জি-২০ সম্মেলনে শি জিনপিং। ১৫ নভেম্বর ইন্দোনেশিয়ার বালিতে। ছবি : সংগৃহীত
যেসব কর্মকাণ্ড সংঘাত উসকে দেয়, আন্তর্জাতিক ব্যবস্থাকে বিপর্যস্ত করে, তার সঙ্গে আমরা বেশ ভালোভাবে পরিচিত। এগুলো শীতল যুদ্ধ ও ব্লকভিত্তিক সংঘর্ষের ইন্ধন জোগায়। বিশ্বের স্থিতিশীলতা বজায় রাখতে আমাদের এসব মানসিকতা যৌথভাবে প্রত্যাখ্যান করতে হবে। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) এক লিখিত বক্তৃতায় এ আহ্বান জানিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বুধবার (১৬ নভেম্বর) থেকে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশনের (অ্যাপেক) চার দিনব্যাপী শীর্ষ সম্মেলন শুরু হয়েছে। সম্মেলনের দ্বিতীয় দিন একটি লিখিত বক্তৃতা পাঠিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। তা সম্মেলনে পড়ে শোনানোর আগে সংবাদমাধ্যমকর্মীদের কাছে বিতরণ করেছেন চীনা প্রতিনিধি দল।
লিখিত বক্তৃতায় চীন অন্য বিষয়ের মধ্যে ভূরাজনীতি ও বিশ্বব্যবস্থার নানান দিক নিয়ে কথা বলেছে। জিনপিং বলেন, ‘একতরফাবাদ ও সুরক্ষাবাদ বিশ্বের উন্নতিকে পেছনের দিকে নিয়ে যায়। অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কে রাজনৈতিক চরিত্র দেওয়া ও হাতিয়ার বানানোও একই ধরনের সমস্যা তৈরি করে। তাই আমাদের সবাইকে সম্মিলিতভাবে এসব প্রত্যাখ্যান করতে হবে।’