প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৪ জুলাই ২০২৪ ১৫:৫৮ পিএম
আপডেট : ০৪ জুলাই ২০২৪ ১৬:৩৬ পিএম
বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে রয়েছে। অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে তোলা। ছবি : সংগৃহীত
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি দখলদার বাহিনী ও হামাসের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রতি ১০ জন ফিলিস্তিনির মধ্যে প্রায় ৯ জন অন্তত একবার বাস্তুচ্যুত হয়েছে। বুধবার (৩ জুলাই) জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থা এ তথ্য জানিয়েছে।
ফিলিস্তিনি ভূখণ্ডে জাতিসংঘের ওসিএইচএ সংস্থার প্রধান আন্দ্রেয়া ডি ডোমেনিকো জানিয়েছেন, ধারণা করা হচ্ছে অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত গাজায় ১৯ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
ডি ডোমেনিকো নিউইয়র্ক ও জেনেভার সাংবাদিকদেরকে বলেছেন, ‘আমরা অনুমান করছি গাজা উপত্যকায় অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর দুর্ভাগ্যজনকভাবে প্রতি ১০ জনের মধ্যে নয়জন অভ্যন্তরীণভাবে বাস্ত্যুচ্যুত হয়েছে। তারা এখন পর্যন্ত ১০ বার না হোক অন্তত একবার বাস্তুচ্যুত হয়েছে। রাফায় ইসরায়েলি অভিযান শুরুর আগে আমরা ১৭ লাখ বাস্তুচ্যুত হয়েছেন বলে অনুমান করেছিলাম। কিন্তু রাফায় অভিযান শুরু হওয়ার পর বাস্তুচ্যুতের সংখ্যা আরও বেড়েছে। তারপর আবার উত্তরে অভিযান চালানো হয়েছে। এতে অনেক ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। এ ধরনের সামরিক অভিযান বারবার মানুষকে তাদের জীবন নতুনভাবে সাজাতে বাধ্য করছে।’
ডি ডোমেনিকো আরও বলেন, ‘এই সংখ্যার পেছনে কিছু মানুষ আছে... যাদের মধ্যে ভয় ও অভিযোগ রয়েছে। আর তাদের হয়ত কিছু স্বপ্ন ও আশা ছিল। আজ আমি ভয় পাচ্ছি যে গত নয় মাসে যারা বোর্ডে খেলায় গুটির মতো ঘুরে বেড়িয়েছে তাদের সে স্বপ্ন ও আশা যতই দিন যাচ্ছে ততই কমছে।’
তিনি আরও জানিয়েছেন, ইসরায়েলি দখলদার বাহিনীর অভিযানে গাজা উপত্যকা দুই টুকরা হয়ে গেছে। গাজার উত্তরে বসবাসকারী ৩ লাখ থেকে সাড়ে ৩ লাখ মানুষ দক্ষিণে যেতে পারছে না। এদিকে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মে সাসের শুরুর দিকে মিসরের সঙ্গে রাফা ক্রোসিং বন্ধ হওয়ার আগে আনুমানিক ১ লাখ ১০ হাজার ফিলিস্তিনি গাজা উপত্যকা ছেড়ে যেতে সক্ষম হয়েছে। তাদের মধ্যে কেউ কেউ মিসরেই থেকে গেছেন আর বাকিরা সেখান থেকে অন্যত্র চলে গেছেন।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এতে প্রায় ১ হাজার ২০০ জন নিহত হয়। আহত হয় ৪ হাজারের মতো। হামাস জিম্মি করে ২৪০ থেকে ২৫৩ জনকে।
হামাসের হামলার জবাবে ইসরায়েল গাজায় সর্বাত্মক যুদ্ধ শুরু করে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গাজায় এখন পর্যন্ত ৩৭ হাজার ৯৫৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৮৭ হাজার ১৪১ ফিলিস্তিনি।
সূত্র : এনডিটিভি