প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৪ জুলাই ২০২৪ ১২:১৭ পিএম
আপডেট : ০৪ জুলাই ২০২৪ ১২:৩৬ পিএম
ছবি : সংগৃহীত
আজ যুক্তরাজ্যে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। লাখ লাখ ভোটার স্থানীয় এমপি নির্বাচন করতে ও পরবর্তী সরকার বেছে নিতে প্রস্তুত।
বৃহস্পতিবার (৪ জুলাই) স্থানীয় সময় সকাল ৭টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। রাত ১০টা অবধি যুক্তরাজ্যজুড়ে ভোটগ্রহণ চলবে। এরপর স্টেশনগুলো বন্ধ হয়ে যাবে।
এ নির্বাচনে ভোটাররা ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড ও নর্দার্ন আয়ারল্যান্ডের ৬৫০ আসনে আগামী পাঁচ বছরের জন্য এমপি নির্বাচিত করবেন।
সরকারি তথ্য অনুসারে, ২০২৩ সালের ডিসেম্বরে যুক্তরাজ্যে নিবন্ধিত ভোটার ৪ কোটি ৬ লাখের বেশি।
ডেমোক্র্যাসি ক্লাব জানিয়েছে, সারা দেশে প্রায় ৪০ হাজার কেন্দ্র রয়েছে। নির্দিষ্ট মানদণ্ড পূরণ করে এমন যেকোনো স্থান ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার করা যেতে পারে।
এবার ৯৮টি রাজনৈতিক দল থেকে ৪ হাজার ৫১৫ জন প্রার্থী নির্বাচনে দাঁড়িয়েছেন। যাদের মধ্যে স্বতন্ত্র ৪৫৯ আর ৩০ শতাংশ নারী প্রার্থী রয়েছেন।
যুক্তরাজ্যের নির্বাচনে সর্বকনিষ্ঠ প্রার্থী হচ্ছেন ১৮ বছর বয়সি পেড্রো দা কনসেইকাও ও অ্যাডাম ওয়েন জোসেফ গিলম্যান। আর সবচেয়ে প্রবীণ প্রার্থী হলেন ৮৬ বছর বয়সি জন হিউ মরিস।
২০১৯ সালের ডিসেম্বরের পর এই প্রথম হাউস অব কমন্সে কে এমপি হিসেবে বসবেন ও কোন দল পরবর্তী সরকার গঠন করবে সে বিষয়ে গোটা দেশ মতামত দিচ্ছে।
পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য একটি দলকে ৩২৬টি আসনে জয় পেতে হবে। সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়া দলকে সরকার গঠন ও দলের নেতাকে প্রধানমন্ত্রী হওয়ার আহ্বান জানাবেন রাজা তৃতীয় চার্লস।
এবার যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে লেবার পার্টি রেকর্ডসংখ্যক আসনে জয়ী হয়ে ক্ষমতা পেতে যাচ্ছে বলে একটি জরিপে পূর্বাভাস দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২ জুলাই) জরিপ কোম্পানি সার্ভেশনের পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবারের ভোটে কিয়ার স্টারমারের নেতৃত্বাধীন লেবার পার্টি ব্রিটিশ পার্লামেন্টের ৬৫০ আসনের মধ্যে ৪৮৪টিতে জয় পাবে। এর আগে ১৯৯৭ সালে সাবেক নেতা টনি ব্লেয়ারের নেতৃত্বে লেবার পার্টি ৪১৮টি আসনে জয়ী হয়ে তাদের ইতিহাসের সবচেয়ে বড় জয় পেয়েছিল। কিন্তু এবার দলটি ওই ফলাফলকও ছাড়িয়ে অনেক দূর যাবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
এর বিপরীতে গত ১৪ বছর ধরে যুক্তরাজ্যের ক্ষমতায় থাকা কনজারভেটিভ পার্টি (টোরি) মাত্র ৬৪ আসন পেতে পারে বলে অনুমান প্রকাশ করা হয়েছে। এটি হতে পারে ১৮৩৪ সালে রক্ষণশীল এ দলটির প্রতিষ্ঠার পর থেকে সবচেয়ে খারাপ ফল।
ডানপন্থি রিফর্ম ইউকে পার্টি সাতটি আসন পেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
ভোটগ্রহণ শেষ হওয়ার পর অবিলম্বে গণনা শুরু হবে। গণনার আগে নির্বাচনের ফলাফল অনুমান করতে একটি এক্সিট পোল থাকবে। প্রথম আসনগুলোর ফলাফল রাত ১১টার দিকে ঘোষণা করা হবে।