প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৩ জুলাই ২০২৪ ১৬:১২ পিএম
আপডেট : ০৩ জুলাই ২০২৪ ১৬:৩২ পিএম
মঙ্গলবার (২ জুলাই) ভারতের উত্তরাঞ্চলে একটি ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে নিহতের আত্মীয় আহাজারি করছেন। ছবি : সংগৃহীত
ভারতের উত্তরাঞ্চলে একটি ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১২১ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ১০৮ জন নারী ও সাতটি শিশুও রয়েছে।
মঙ্গলবার (২ জুলাই) ‘ভোলে বাবা’ নামে পরিচিত একজন ধর্মীয় প্রচারক উত্তর প্রদেশ রাজ্যের হাতরাস জেলার সিকান্দ্রারাউ এলাকার রতিভানপুর গ্রামে আয়োজিত ‘সৎসঙ্গ’ অনুষ্ঠানে অনুসারীদের উদ্দেশে ভাষণ দেন। এরপর তিনি গাড়িতে করে অনুষ্ঠানটি থেকে বের হওয়ার সময় হাজার হাজার ভক্ত তার নাম নিয়ে চিৎকার করে গাড়ির পেছনে দৌড়াতে শুরু করে। ফলে তারা বসে থাকা ব্যক্তিদের ওপর পড়ে যায়। আবার কেউ কেউ পাশের কাদা ও কাদার মাঠেও পড়ে যায়। ফলে তখন পদদলিত হওয়ায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, সেখানে উপস্থিত মানুষের সংখ্যা অনুমোদিত ধারণক্ষমতার তিনগুণ ছিল। সরকার ৮০ হাজার মানুষের উপস্থিতির অনুমতি দিয়েছিল। কিন্তু প্রায় আড়াই লাখ মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিল।
কর্তব্যরত পুলিশ কর্মকর্তা শীলা মৌর্য বলেছেন, ‘নারী ও শিশুসহ উপস্থিত সব ভক্ত একযোগে অনুষ্ঠানস্থল ত্যাগ করা শুরু করে। সবার একসঙ্গে বের হওয়ার মতো যথেষ্ট জায়গা সেখানে ছিল না। ফলে সবাই একে অপরের ওপর পড়ে যায়।’
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, পুলিশ ওই ধর্ম প্রচারকের খোঁজে তল্লাশি চালাচ্ছে।
ভারতের প্রধান ধর্মীয় উৎসবের সময় উপাসনালয়গুলোতে এ ধরনের প্রাণঘাতী ঘটনা প্রায়ই ঘটে থাকে। বিশেষ করে, যখন লাখ লাখ ভক্ত পবিত্র স্থানগুলোতে প্রার্থনার জন্য যায় তখন এ ধরনের ঘটনা বেশি ঘটে।
সূত্র : জিও নিউজ