প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৯ জুন ২০২৪ ১৫:০৭ পিএম
আপডেট : ২৯ জুন ২০২৪ ১৮:৫৯ পিএম
প্রেসিডেনশিয়াল বিতর্কে জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বর্তমান ক্ষমতাসীন প্রেসিডেন্ট ডেমোক্রেটিক দলের প্রার্থী জো বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এ উপলক্ষে গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সম্প্রচারমাধ্যম সিএনএন আয়োজিত প্রেসিডেনশিয়াল বিতর্কে অংশ নিয়েছেন দুই প্রার্থী। সিএনএন এর জরিপ অনুযায়ী, এ বিতর্কে হেরে গেছেন বর্তমান প্রেসিডেন্ট। বিতর্কে এমন হতাশাজনক পারফরম্যান্সের পর জো বাইডেনকে প্রেসিডেন্ট নির্বাচনের লড়াই থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে প্রভাবশালী পত্রিকা দ্য নিউইয়র্ক টাইমসের সম্পাদক পরিষদ।
এক বিবৃতিতে নিউইয়র্ক টাইমসের সম্পাদক পরিষদ বলেছে, ‘জনগণের সেবক হিসেবে বৃহস্পতিবার প্রেসিডেন্টের উপস্থিতি দেখে মনে হয়েছে তিনি তার ছায়ায় ছিলেন। দ্বিতীয় মেয়াদে কী কী কাজ করবেন, সেসবের ব্যাখ্যা দিতে তাকে লড়াই করতে হয়েছে। ট্রাম্পের উসকানিমূলক বক্তব্যের জবাব দিতেও হিমশিম খেয়েছেন। মিথ্যা তথ্য, ব্যর্থতা এবং ব্যর্থ পরিকল্পনাগুলো নিয়ে ট্রাম্পের জবাবদিহি আদায় করতেও হিমশিম খেয়েছেন। একাধিকবার তিনি বাক্যও শেষ করতে পারেননি।’
এতে আরও বলা হয়, ‘জনগণের সর্বোচ্চ সেবক বাইডেন এখন ঘোষণা দিতে পারেন যে, তিনি আর নির্বাচন করবেন না।’
প্রভাবশালী গণমাধ্যমটির বিবৃতিতে বলা হয়, ‘ট্রাম্প ও বাইডেনের যেসব ঘাটতি রয়েছে, তার মধ্যে থেকে একটিকে বেছে নিতে ভোটারদের বাধ্য করে দেশের স্থিতিশীলতা ও নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলার কোনো কারণ নেই। আমেরিকানরা বাইডেনের বয়স এবং দুর্বলতাকে উপেক্ষা করবে বা ছাড় দেবে, এমন আশা করাটাও বড় ধরনের জুয়া হয়ে যাবে।’
গোটা বিশ্বের নজর ছিল যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের আগে দুই প্রার্থীর প্রথম মুখোমুখি বিতর্কে। বিতর্কে পররাষ্ট্রনীতি, অর্থনীতি, সীমান্ত ইস্যু, সামাজিক নিরাপত্তা, চাইল্ড কেয়ার, কংগ্রেস ভবনে হামলার ঘটনা, তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কাসহ বিভিন্ন ইস্যুতে কথা বলার সময় তারা একে অন্যের বিরুদ্ধে মিথ্যা বলার অভিযোগ আনেন এবং পরস্পরকে তীব্র বাক্যবাণে জর্জরিত করার চেষ্টা করেছেন। তবে বিতর্কে বাইডেন ভালো করতে পারেননি। এ নিয়ে তার নিজ দল ডেমোক্রেটিক পার্টির মধ্যেও হতাশা দেখা গেছে।
বিতর্কের পর বিবিসির ম্যাডেলাইন হ্যালপার্টকে দেওয়া সাক্ষাৎকারে পর্যবেক্ষক মিশিগান স্টেট ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানের প্রফেসর কোরউইন স্মিডট বলেন, বাইডেন তার অনেক দুর্বলতা দেখিয়েছেন এবং খুব বেশি শক্তির জায়গা দেখাননি।