প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৫ জুন ২০২৪ ২২:২৯ পিএম
এনডিএ সমর্থিত ওম বিড়লা এবং ইন্ডিয়া জোট মনোনীত কে সুরেশ স্পিকার পদে মনোনয়ন জমা দিয়েছেন মঙ্গলবার
ভারতের লোকসভার স্পিকার কে হবেন তা নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল কদিন ধরেই। বিজেপি বা এনডিএ জোট এ নিয়ে কোনো কিছু জানায়নি। তবে কয়েক দিনের অনিশ্চয়তার পর লোকসভার স্পিকার পদের জন্য আবারও ওম বিড়লাকে মনোনয়ন দিয়েছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট। সতেরোতম লোকসভার স্পিকারও তিনিই ছিলেন।
ভারতীয় সংবাদমাধ্যমের সূত্র বলছে, মঙ্গলবার ভারতের স্থানীয়
সময় বেলা সাড়ে ১১টায় স্পিকার পদের জন্য মনোনয়নপত্র জমা
দিয়েছেন বিড়লা। তবে বিরোধী দল বলেছে, ডেপুটি স্পিকারের পদটি তাদেরকে
ছেড়ে দেওয়া হলে তারা এনডিএর পছন্দের স্পিকারকে মেনে নেবে। অন্যদিকে বিরোধী দল ইন্ডিয়া জোট কে সুরেশকে বিজেপি মনোনীত প্রার্থীর বিপরীতে মনোনয়ন
দিয়েছে। তিনি যদি মনোনয়ন প্রত্যাহার না করেন, তবে বুধবার লোকসভার স্পিকার
নির্বাচনের জন্য ভোট হবে। আর তা যদি হয়, তবে সাম্প্রতিক অতীতে ভারতে এই
প্রথম লোকসভায় ভোটের মাধ্যমে স্পিকার নির্বাচন করা হবে। কারণ, ইতিহাস
বলছে এতদিন সাধারণত লোকসভা স্পিকার নির্বাচিত হয়েছেন বিরোধিতা ছাড়াই। ২০১৪ ও
২০১৯ সালে একক সংখ্যাগরিষ্ঠতার কারণে স্পিকার পদে বিজেপি মনোনীত সুমিত্র মহাজন ও
ওম বিড়লাকে কোনো প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হয়নি। দুজনই বিনা বাধায় স্পিকার
নির্বাচিত হন।
ডেপুটি স্পিকার পদ নিয়ে তর্ক-বিতর্ক
ডেপুটি স্পিকারের পদ বিরোধী শিবিরকেই দেওয়ার প্রচলন রয়েছে
বলে অষ্টাদশ সংসদের প্রথম অধিবেশনে মন্তব্য করেন
রাহুল গান্ধী। তবে এনডিএ নেতাদের দাবি কখনোই
এমন কোনো নিয়ম প্রচলিত ছিল না। বরং তারা দাবি করছেন কংগ্রেসের নেতা জওহরলাল
নেহরু নিজেই এ নিয়ম মানেননি। শুধু তা-ই নয়, বর্তমানে
দেশের অবিজেপি রাজ্যগুলোÑ পশ্চিমবঙ্গ, তেলেঙ্গানা, তামিলনাড়ু, কেরল
এবং ঝাড়খণ্ডে ডেপুটি স্পিকার শাসক দলেরই। এই যুক্তি দেখিয়ে তারা বলছেন, বিরোধী
জোটের দাবি যুক্তিসম্মত নয়।
২০১৪ সালে বিজেপির সরকার ডেপুটি স্পিকারের পদ দিয়েছিল তাদের জোটসঙ্গী এআইএডিএমকের এম থাম্বি দুরাইকে। ২০১৯ সালে ফাঁকাই ছিল এই পদ।
ওই দুবছরই বিরোধীরা দুর্বল ছিল লোকসভায়। কোনো বিরোধী দলনেতাও ছিল না। নেতা ছিল
না লোকসভায়। কিন্তু এবার কংগ্রেস একা ৯৯টি আসন পেয়েছে। বিরোধীরাও ভালো ফল করেছে এবারের
লোকসভা ভোটে। তাই এই পদটির জন্য এবার জোরালো দাবি জানায় ‘ইন্ডিয়া’।
লোকসভার ইতিহাস বলছে অন্য কথা। সংসদে
স্বীকৃত বিরোধীরা সব সময়ই ডেপুটি স্পিকারের পদ পেয়েছেন। তবে অধিকাংশ সরকারেই
স্বীকৃত বিরোধী ছিল না। যে যে সরকারে ছিল, তারা ডেপুটি স্পিকারের পদ
পেয়েছিল। যেমন অটল বিহারী বাজপেয়ী বা মনমোহন সিংহের সরকারে। ডেপুটি স্পিকার বেছে
নেওয়া হয়েছিল বিরোধী শিবির থেকেই।
রাজনাথের ওপর রাহুলের অভিযোগ
লোকসভার স্পিকার নির্বাচন নিয়ে বিরোধীদের সঙ্গে
ব্যাপক আলোচনা ও তোড়জোড় চালিয়েছিলেন রাজনাথ সিংহ। কিন্তু আলোচনায় তিনি কথা রাখেননি
বলে মঙ্গলবার অভিযোগ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
স্পিকার নির্বাচনে বিরোধীদের সমর্থন চেয়ে সোমবার কংগ্রেস
সভাপতি মল্লিকার্জুন খড়্গের সঙ্গে কথা বলেন রাজনাথ। খড়্গে তাকে বলেছিলেন তিনি ‘ইন্ডিয়া’র
বাকি শরিকদের সঙ্গে কথা বলে বিষয়টি জানাবেন। পরবর্তীতে মমতা, অখিলেশ, স্তালিনসহ
বিরোধীদের সব নেতার সঙ্গে আলোচনা করেন খড়্গে। রাজনাথকে জানান, ডেপুটি
স্পিকারের পদটি যদি ইন্ডিয়া জোটের কোনো প্রতিনিধিকে
দেওয়া হয় তবে তারা স্পিকারকে সমর্থন করবেন।
রাজনাথ এই শর্ত শুনে খড়্গেকে জানিয়েছিলেন, তিনি
বিষয়টি নিয়ে মঙ্গলবার মনোনয়ন পর্বের আগেই আবার কথা বলবেন। শর্ত আদৌ
মেনে নেবেন কি নাÑ এ বিষয়ে তিনি মঙ্গলবারই চূড়ান্ত জানাবেন বলেছিলেন। রাহুলের অভিযোগ, রাজনাথ তার কথা
রাখেননি। বিরোধীদের সঙ্গে আর কোনো রকম যোগাযোগ করেননি তিনি। বিরোধী জোটের
শর্তের প্রতি শ্রদ্ধা না জানিয়ে তারা অনেকটা রক্ষণশীল আচরণ করেছেন বলে অভিযোগ। এ জন্যই কংগ্রেস অবস্থান পাল্টেছে। মঙ্গলবার
এক সংবাদ সম্মেলনে রাহুল জানান, স্পিকারকে
সমর্থন করার সিদ্ধান্তই নিয়েছিল ‘ইন্ডিয়া’ জোট। কিন্তু
যেহেতু আমাদের শর্ত মেনে নেওয়া হয়নি তাই আমরা লড়াই করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা আগেও
বলেছিলাম আমাদের শর্ত মানা না হলে আমরা স্পিকার পদের জন্য লড়াই করব।
সরকার মনোনীত স্পিকারকে সমর্থনের শর্ত হিসেবে মল্লিকার্জুন খড়্গে বিরোধী শিবির থেকে ডেপুটি স্পিকার নির্বাচন করতে বলেন। খড়্গেকে ‘ফোন করব’ বলেও না করে অপমান করেছেন রাজনাথ, এই হলো রাহুলের অভিযোগ। রাহুলের এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন রাজনাথ। কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, সোমবার থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত তার সঙ্গে তিনবার কথা হয়েছে খড়্গের। যদিও কী বিষয়ে কথা হয়েছে, সে ব্যাপারে সবিস্তার জানাননি কিছু। পাল্টা এনডিএর তরফে মঙ্গলবার বলা হয়, রাজনাথ মঙ্গলবার স্পিকারদের মনোনয়ন জমা দেওয়ার দিন সকালেই খড়্গেকে ফোন করেন। কিন্তু তিনি ব্যস্ত থাকায় কথা বলতে পারেননি। তার বদলে কথা বলেন কেসি বেণুগোপাল। কিন্তু তারা তাদের শর্ত একটুও বদলাতে রাজি হননি। স্পিকারকে সমর্থনের আগে ডেপুটি স্পিকারের নাম ঠিক করতে বলেছিল বিরোধী জোট ইন্ডিয়া। এনডিএর দাবি, রাজনাথ তাদের বলেন, নির্বাচনের পর এ বিষয়ে বসে কথা বলবেন। কিন্তু কংগ্রেস এবং বিরোধীরা সেই শর্তে রাজি হননি।
সূত্র : হিন্দু