× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারত

উত্তাপ ছড়াবে অষ্টাদশ সংসদের প্রথম অধিবেশন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ জুন ২০২৪ ২২:৩৫ পিএম

আপডেট : ২৩ জুন ২০২৪ ২২:৩৬ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

ভারতের লোকসভার অষ্টাদশ সংসদের প্রথম অধিবেশন কাল। নয়া নির্বাচিত এমপিদের শপথগ্রহণ দিয়ে শুরু হবে এবারের অধিবেশন। আগামী ২৬ জুন লোকসভার স্পিকার নির্বাচন করা হবে। ২৭ জুন লোকসভা এবং রাজ্যসভায় যৌথ ভাষণ দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। লোকসভার স্পিকার কে হবেন এ নিয়ে গুঞ্জন তো রয়েছেই, একই সঙ্গে নরেন্দ্র মোদির সরকারের ওপর বাড়তি চাপও তৈরি হয়েছে। ধারণা করা হচ্ছে, প্রথম অধিবেশনে বিরোধী জোটের তুমুল অভিযোগের মুখোমুখি হতে হবে মোদির জোট সরকারকে। লোকসভার স্পিকার নির্বাচনের ক্ষেত্রে বিজেপি যে রক্ষণশীল ভূমিকায় রয়েছে তা বুঝতে পেরেছে বিরোধী দলগুলো। তারা ইতোমধ্যে প্রতিক্রিয়াও ব্যক্ত করেছে।

লোকসভার প্রথম অধিবেশনে ছড়াতে পারে উত্তাপ। ইন্ডিয়া জোটের একাধিক সূত্র জানিয়েছিল, স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের বিষয়ে তারা কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা-সমঝোতা চালিয়েছে। গোলযোগের শুরু প্রোটেম স্পিকার নির্বাচন থেকে। ঐতিহ্য অনুযায়ী প্রবীণ এমপিকে প্রোটেম স্পিকার করা হয়। অর্থাৎ কংগ্রেসের কে সুরেশেরই এবার এ দায়িত্ব পাওয়ার কথা। তবে এবার প্রথা ভেঙে সাতবারের সাংসদ ভ্রাতৃহরি মহতাবকে প্রোটেম স্পিকার করা হয়েছে। সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠানের কাজে প্রোটেম স্পিকারকে সহযোগিতার জন্য বিরোধী দলের নেতাদেরও নিযুক্ত করেছেন রাষ্ট্রপতি। প্রোটেম স্পিকারের প্যানেলে রাখা হয়েছে কংগ্রেসের কে সুরেশ, তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং ডিএমকের টি আর বালুকে। কিন্তু বিতর্কের পর বিরোধীরা এই দায়িত্ব গ্রহণ না করার কথা ভাবছেন।

কংগ্রেসের এমপি মানিশ তিওয়ারি ইতোমধ্যে ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন, ‘প্রথা ভেঙে বিজেপি প্রোটেম স্পিকার নিযুক্ত করেছে। তারা যদি ভেবে থাকে ২০১৪-২৪ সাল নাগাদ যেভাবে লোকসভা অধিবেশন করেছে এবারও সেভাবেই করবে; তাহলে ভুল করছে। তাদের ভয়াবহ বিপদে পড়তে হবে বিরোধী জোটের সঙ্গে সমঝোতা না করলে।’

কংগ্রেসও ইতোমধ্যে বিজেপির বিরুদ্ধে বর্ণবাদী আচরণের অভিযোগ করেছে। কে সুরেশ দলিত নেতা বলেই কি তাকে প্রোটেম স্পিকার করা হলো না? কংগ্রেস নেতা গৌরব গোগোই এক্স হ্যান্ডলে জানান, ‘মোদি সরকার দলিত সম্প্রদায়ের সম্ভাবনাকে অস্বীকার করতে চাচ্ছে।’

জোট সরকারের সামনে একাধিক অভিযোগ। গত ১১ জুন উচ্চশিক্ষা এবং গবেষণার প্রবেশিকা পরীক্ষা ইউজিসি নেট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের পরদিন পরীক্ষা বাতিল প্রথমটি। তারপর ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি ২০২৪-এর ফল প্রকাশের পর থেকেই অভিযোগ উঠেছিল দুর্নীতির। ভারতের রেলপথের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয় নিয়েও রয়েছে বিস্তর অভিযোগ। এর সঙ্গে যুক্ত হয়েছে বিরোধী পক্ষের আস্থার অভাব। তাদের মতে, মোদির সরকার বিরোধী দলগুলোর মতামতকে যথার্থভাবে পর্যালোচনা করতে পারবে না। বিরোধী নেতারা বলছেন, প্রথম অধিবেশনেই প্রশ্নপত্র ফাঁস নিয়ে সরকারের সমালোচনা করতে তারা কোমর বেঁধে নামছেন।

যদিও ডেকান হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, লোকসভার আনুষ্ঠানিকতার বালাই আগামী মাসের ৩ জুলাই পর্যন্ত চলবে। এই সময়ে বড় কোনো বিতর্ক বা সমালোচনার অবকাশ নেই।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা