প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২২ জুন ২০২৪ ১২:২৪ পিএম
আপডেট : ২২ জুন ২০২৪ ১২:৫৬ পিএম
ফিলিস্তিনি বাস্তুচ্যুতদের শিবির পরিদর্শনে যাওয়া আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) গাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে এক ফিলিস্তিনি শিশু। ২০২৪ সালের ২৯ মে দক্ষিণ গাজা উপত্যকার রাফার আল-মাওয়াসি এলাকা থেকে তোলা। ছবি : সংগৃহীত
অবরুদ্ধ গাজা উপত্যকায় রেড ক্রসের অফিসের সামনে গোলা বর্ষণ করেছে ইসরায়েলি দখলদার বাহিনী। অফিসের আশপাশে আশ্রয় নেওয়া অন্তত ২২ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৪৫ জন। শুক্রবার (২১ জুন) আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি) এ তথ্য জানিয়েছে।
এক বিবৃতিতে আইসিআরসি বলেছে, ‘শুক্রবার বিকালে আন্তর্জাতিক রেড ক্রস কমিটির অফিস ও বাসভবনের কয়েক মিটারের মধ্যে ব্যাপক ক্ষমতাসম্পন্ন ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করা হয়েছে। এতে আইসিআরসি অফিসের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। বেসামরিক নাগরিক ও মানবিক স্থাপনাগুলোর ক্ষয়ক্ষতি এড়াতে যুদ্ধে জড়িত সব পক্ষের ওপর সতর্কতা অবলম্বনের বাধ্যবাধকতা রয়েছে। তার পরও মানবিক ও বেসামরিক নাগরিকদের জীবন ঝুঁকির মধ্যে ফেলে যে হামলার ঘটনা ঘটছে আমরা তার নিন্দা জানাই।’
ইসরায়েলি নিরাপত্তা বাহিনী (আইডিএফ)-এর একজন মুখপাত্র সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছেন, প্রাথমিক তদন্তে আইডিএফ এ এলাকায় হামলা চালিয়েছে এমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। তবে ঘটনাটি পর্যালোচনা করা হচ্ছে।
গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় ভিন্ন পরিসংখ্যান দিয়েছে। তারা জানিয়েছে, এ হামলায় ২৫ ফিলিস্তিনি নিহত ও ৫০ জন আহত হয়েছে। তারা এ হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছে।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এতে প্রায় ১ হাজার ২০০ জন নিহত হয়। আহত হয় ৪ হাজারের মতো। হামাস জিম্মি করে ২৪০ থেকে ২৫৩ জনকে।
হামাসের হামলার জবাবে ইসরায়েল গাজায় সর্বাত্মক যুদ্ধ শুরু করে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গাজায় এখন পর্যন্ত ৩৭ হাজার ৪৩১ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৮৫ হাজার ৩৭২ জন।
সূত্র : বিবিসি