প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২১ জুন ২০২৪ ২০:৩১ পিএম
আপডেট : ২১ জুন ২০২৪ ২০:৩৭ পিএম
ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে আর্মেনিয়া। ইসরায়েলের বিরোধিতার মুখেও আর্মেনিয়া সর্বসাম্প্রতিক দেশ হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিল। শুক্রবার (২১ জুন) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়, গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যকার লড়াইয়ে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বানসংবলিত জাতিসংঘ প্রস্তাবনাকে সমর্থন করে আর্মেনিয়া। একই সঙ্গে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিরসনে দ্বিরাষ্ট্র সমাধানকেও সমর্থন করে দেশটি।
এই স্বীকৃতি দেওয়ার মাধ্যমে আর্মেনিয়া ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণাধিকার
এবং স্বাধীন রাষ্ট্র হিসেবে তাদের বৈধতাকে সমর্থন দিল। স্বীকৃতির প্রতিক্রিয়ায় ইসরায়েল রাজধানী তেল আবিবে নিযুক্ত আর্মেনীয় রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে তীব্র
প্রতিবাদ জানিয়েছে।
ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এক বিবৃতিতে আর্মেনিয়ার
এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এবং একে ফিলিস্তিনি জনগণের জন্য একটি বড় অর্জন বলে
অভিহিত করেছেন। এর আগে ২৮ মে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে
স্বীকৃতি দিয়েছিল ইউরোপের তিন দেশ স্পেন, নরওয়ে ও আয়ারল্যান্ড। সম্প্রতি কয়েক মাসে
যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া এবং ইইউ সদস্য দেশ মাল্টা ও স্লোভেনিয়াও ফিলিস্তিনকে স্বীকৃতি
দেওয়ার কথা বিবেচনা করছে বলে জানিয়েছে। এর মধ্যে আর্মেনিয়ার স্বীকৃতির বিষয়টি নতুন
করে মধ্যপ্রাচ্যের সংকট নিরসনে উদ্যোগের জন্য সহায়ক বলে ভাবা হচ্ছে।
ইসরায়েল বরাবরই ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার নিন্দা করে
আসছে। তাদের ভাষ্য, এ পদক্ষেপ হামাসের মতো জঙ্গিবাদী সংগঠনকে শক্তিশালী করবে। ফিলিস্তিনে
হামাসকে পুরোপুরি নির্মূলের জন্য তারা প্রতিনিয়ত হামলা চালিয়ে যাচ্ছে। সূত্র : বিবিসি