× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মোদির পা ছুঁয়ে বিহারকে লজ্জিত করেছেন নীতীশ কুমার : প্রশান্ত কিশোর

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ জুন ২০২৪ ১৫:৫৬ পিএম

আপডেট : ১৫ জুন ২০২৪ ১৬:২২ পিএম

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (বাঁ দিকে) ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (বাঁ দিকে) ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার নিজের ক্ষমতায় থাকা নিশ্চিত করতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পা ছুঁয়েছেন ।  

শুক্রবার (১৪ জুন) ভাগলপুরে এক জনসভায় ভাষণ দেওয়ার সময় এমনটাই অভিযোগ করেছেন রাজনৈতিক কৌশলবিদ থেকে কর্মী-রাজনীতিবিদ হওয়া প্রশান্ত কিশোর।   

গত সপ্তাহে দিল্লিতে হওয়া ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (এনডিএ) একটি বৈঠকের কথা উল্লেখ করে তিনি অভিযোগ করেন, ‘একটি রাষ্ট্রের নেতা তার জনগণের গর্ব। কিন্তু প্রধানমন্ত্রী মোদির পা ছুঁয়ে নীতীশ কুমার বিহারকে লজ্জায় ফেলে দিয়েছেন।’  

প্রশান্ত কিশোর দাবি করেছেন, ‘প্রধানমন্ত্রী মোদির ক্ষমতায় ফেরার পেছনে নীতীশ কুমারের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে বলে অনেক কথা শুনা যাচ্ছে। কিন্তু বিহারের মুখ্যমন্ত্রী তার অবস্থানটা কীভাবে ধরে রাখছেন? তিনি তার ক্ষমতাকে এ রাজ্যের সুবিধা নিশ্চিত করতে ব্যবহার করছেন না। বরং ২০২৫ সালের বিধানসভা ভোটের পরেও বিজেপির সমর্থনের মাধ্যমে নিজের ক্ষমতা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে প্রণাম করছেন তিনি।’    

তিনি আরও দাবি করেছেন, ‘অনেক মানুষই আমাকে প্রশ্ন করেন, অতীতে কাজ করে এখন কেন আমি নীতীশ কুমারের সমালোচনা করছি। আমি যখন তার সঙ্গে কাজ করেছিলাম তখন তিনি একজন ভিন্ন ব্যক্তি ছিলেন। তখন তিনি তার বিবেক বিক্রি করতেন না।’

প্রসঙ্গত, ২০১৪ সালে প্রশান্ত কিশোর প্রথম খ্যাতি অর্জন করেছিলেন। আর তা তিনি অর্জন করেছিলেন ওই বছরের লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী মোদির চমকপ্রদ সফল প্রচারাভিযান পরিচালনার মাধ্যমে। তিনি ২০১৫ সালে জনতা দলের (সংযুক্ত-জেডিইউ) প্রেসিডেন্টের নির্বাচনী প্রচার পরিচালনা করেছিলেন। এর দুই বছর পর আনুষ্ঠানিকভাবে তিনি এ দলে যোগ দেন।  

২০২১ সালে তিনি রাজনৈতিক পরামর্শ ছেড়ে দেন। সেই সময়ও তিনি মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়াল ও জগন মোহন রেড্ডির মতো বেশ কয়েকজন বড় মাপের রাজনীতিবিদদের হয়ে কাজ করেছেন। 

১৮তম লোকসভা নির্বাচনে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। তাই এনডিএ জোটের মিত্র দলগুলোর সঙ্গে মিলে জোট সরকার গঠন করতে হয়েছে দলটিকে। এতে  তেলেগু দেশম পার্টির (টিডিপি) পরে বিজেপির দ্বিতীয় বৃহত্তম জোটসঙ্গী হিসেবে আবির্ভূত হয়েছে নীতীশ কুমারের দল জেডিইউ। এবারের লোকসভা নির্বাচনে জেডিইউ ১২টি আসনে জয় লাভ করেছে। 

সূত্র : এনডিটিভি 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা