কুয়েতে ভয়াবহ আগুন
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ জুন ২০২৪ ১০:৪১ এএম
আপডেট : ১৪ জুন ২০২৪ ১১:২২ এএম
কুয়েতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ভারতীয় শ্রমিকদের মরদেহ বহন করে কেরালার কোচিতে নিয়ে আসছে ভারতীয় বিমান বাহিনীর এ বিশেষ বিমান সি-১৩০। ছবি : সংগৃহীত
কুয়েতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪৫ ভারতীয় প্রবাসী শ্রমিকের মরদেহ নিয়ে বিমান বাহিনীর বিশেষ বিমান কুয়েত থেকে ভারতের কেরালার উদ্দেশে রওনা দিয়েছে।
আশা করা হচ্ছে শুক্রবার (১৪ জুন) বেলা ১১টার দিকে বিমানটি কেরালার কোচিতে এসে পৌঁছাবে। তারপর কোচি থেকে দিল্লির উদ্দেশে রওনা হবে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জুনিয়র মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরই এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কুয়েতে ছুটে যেতে হয়েছে গোন্ডার সাংসদ কীর্তিবর্ধন সিংকে। তিনিও একই বিমানে ফিরে আসছেন।
কুয়েতের ভারতীয় দূতাবাস বলেছে, ‘কুয়েতের অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ৪৫ ভারতীয়ের মরদেহ নিয়ে আইএএফ (ইন্ডিয়ান এয়ার ফোর্স)-এর একটি বিশেষ বিমান কোচির উদ্দেশে রওনা হয়েছে। কুয়েত কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে দ্রুত প্রত্যাবাসন নিশ্চিত করার জন্য গোন্ডার সাংসদ কীর্তিবর্ধন সিংও বিমানটিতে রয়েছেন।’
অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বিমানটি যে কোচি বিমানবন্দরে অবতরণ করবে, সেখানে মরদেহগুলো নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে।
বুধবার কুয়েতের মাঙ্গাফ শহরের একটি ছয় তলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৪৮ জন নিহত হয়েছে। কুয়েত কর্তৃপক্ষ নিহত ৪৮ জনের মধ্যে ৪৫ জনকে ভারতীয় ও তিনজনকে ফিলিপিনো নাগরিক হিসেবে চিহ্নিত করেছে।
দূতাবাস জানিয়েছে, ওই ভবনে বসবাসরত ১৭৬ ভারতীয় শ্রমিকের মধ্যে ৪৫ জন নিহত হয়েছে। আহত ৩৩ জন হাসপাতালে চিকিৎসাধীন আছে। হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে দূতাবাস জানিয়েছে, আহতদের স্বাস্থ্যের ওপর ভিত্তি করে ধীরে ধীরে হাসপাতাল থেকে ছাড়া হবে। আর বাকি ৯৮ জন নিরাপদে রয়েছে।
নিহতের মধ্যে ২৩ জন কেরালার, সাতজন তামিলনাডুর, তিনজন উত্তর প্রদেশের, দুজন ওড়িশার, আর বিহার, পাঞ্জাব, কর্ণাটক, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড ও হরিয়ানার একজন করে রয়েছে।
কীর্তি সিং বৃহস্পতিবার (১৩ জুন) কুয়েতে গিয়ে পৌঁছান। অগ্নিকাণ্ডে আক্রান্ত ভারতীয় শ্রমিকরা যে পাঁচটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে, তিনি সেগুলো পরিদর্শনে যান। তার এ কুয়েত সফরের সময় তিনি কুয়েতের প্রথম উপপ্রধানমন্ত্রী শেখ ফাহাদ আল-ইউসুফ আল-সাবহের সঙ্গেও দেখা করেছেন। শেখ ফাহাদ তাকে মরদেহগুলো দ্রুত দেশে ফিরিয়ে নিয়ে যাওযার ব্যাপারে সর্বাত্মক সহায়তা করার আশ্বাস দিয়েছেন।
বৃহস্পতিবার কীর্তি সিং জানান, মরদেহগুলো দেখে চেনা যাচ্ছে না। তাই ডিএনএ পরীক্ষা করে তাদের পরিচয় নিশ্চিত করা হয়েছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কুয়েতের অগ্নিকাণ্ডে নিহতদের ২ লাখ রুপি করে ক্ষতিপূণ দেওয়ার কথা ঘোষণা করেছেন।
কুয়েতের স্থানীয় প্রশাসন দুর্ঘটনায় আক্রান্ত ভবনটিতে ১৬০ জনের বেশি কীভাবে থাকছিল তা-ও খতিয়ে দেখছে।
সূত্র : এনডিটিভি