প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৩ জুন ২০২৪ ১৪:২৪ পিএম
আপডেট : ১৩ জুন ২০২৪ ১৪:৪৫ পিএম
ভারতের অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু। ছবি : সংগৃহীত
টানা তৃতীয়বারের মতো ভারতের অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী হয়েছেন পেমা খান্ডু। বৃহস্পতিবার (১৩ জুন) ইতানগরের ডিকে স্টেট কনভেনশন সেন্টারে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন তিনি।
একই দিনে প্রদেশটির উপমুখ্যমন্ত্রী হিসেবে দ্বিতীয় মেয়াদে শপথ গ্রহণ করেছেন বিজেপির চৌনা মেইন।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জেডি নাড্ডা, কিরেন রিজিজু ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তির উপস্থিতিতে অরুণাচল প্রদেশের রাজ্যপাল কেটি পারনাইক পেমা খান্ডুসহ আরও ১১ জন মন্ত্রীকে শপথবাক্য পাঠ করান।
খান্ডু ও মেইন ছাড়া অন্যান্য ১০ জন মন্ত্রিপরিষদ মন্ত্রীর মধ্যে রয়েছেন, বিউরাম ওয়াহগে, নিয়াতো দুকাম, গ্যাব্রিয়েল ডেনওয়াং, ওয়াংকি লোয়াং, পাসাং দর্জি সোনা, মামা নাতুং, দাসাংলু পুল, বালো রাজা, কেনতো জিনি ও ওজিং তাসিং।
বুধবার অরুণাচল প্রদেশে বিজেপির আইনসভা দলের নেতা হিসেবে পুননির্বাচিত হয়েছেন খান্ডু। এরপরই অরুণাচল প্রদেশের রাজ্যপাল কেটি পরনাইক খান্ডুকে সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানান।
শপথ অনুষ্ঠানের আগে খান্ডু সামাজিকমাধ্যম এক্সের এক পোস্টে লিখেছিলেন, ‘উপজাতিসহ সব নাগরিকদের সঙ্গে নিয়ে আমরা আমাদের রাষ্ট্রের সব অঞ্চলের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ।’
তিনি আরও বলেন, ‘জনগণের সমর্থন নিয়ে আত্মনির্ভরশীল অরুণাচল প্রদেশকে বাস্তবে রূপ দিতে আমরা আরও কঠোর পরিশ্রম করব । যা বিকশিত ভারত তৈরিতে অবদান রাখবে।’
খান্ডু তার রাজনৈতিক জীবনের শুরুর দিকে কংগ্রেস দলের সঙ্গে ছিলেন। ২০১৬ সালে তিনি প্রথমবারের মতো অরুণাচল প্রদেশের মূখ্যমন্ত্রী নির্বাচিত হন। এর কয়েকমাস পর তিনি প্রায় সব বিধায়কের সঙ্গে পিপলস পার্টি অব অরুণাচলে যোগ দেন। নতুন সরকার গঠন করেন। কিন্তু ২০১৬ সালের ডিসেম্বরে পিপিএ তাকে বহিষ্কার করে। এরপরই তিনি যোগ দেন বিজেপিতে। ২০১৯ সালের ২৯ মে বিজেপির নেতা হিসেবে দ্বিতীয় মেয়াদে অরুণাচলের মূখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি।
সূত্র : হিন্দুস্তান টাইমস