ভারতের লোকসভা নির্বাচন
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ জুন ২০২৪ ১৩:০৭ পিএম
আপডেট : ১১ জুন ২০২৪ ১৩:২১ পিএম
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ (বাঁ দিকে) ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত
সামাজিক মাধ্যম এক্সের এক পোস্টে নরেন্দ্র মোদিকে জানানো শুভেচ্ছা বার্তায় ঘৃণাকে আশায় বদলের আহ্বান জানানোর মাধ্যমে ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তি কামনা করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। সোমবার (১০ জুন) তার এ পোস্টে ইতিবাচক প্রতিক্রিয়া করেছেন মোদি।
তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে রবিবার (৯ জুন) শপথ গ্রহণ করেছেন নরেন্দ্র মোদি। বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা তাকে নির্বাচনে জয়ী হওয়ায় শুভেচ্ছা জানিয়েছেন।
কিন্তু নির্বাচিত হওয়ার পরপর তাকে অভিনন্দন জানাননি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। যদিও আশা করা হয়েছিল তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর মোদি যেমন তাকে শুভেচ্ছা জানিয়েছিলেন, তিনিও মোদিকে শুভেচ্ছা জানাবেন।
নির্বাচিত হওয়ার পরপর শুভেচ্ছা না জানালেও শপথ গ্রহণের পরদিন অর্থাৎ সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ জনপ্রিয় সামাজিকমাধ্যম এক্সে মোদিকে শুভেচ্ছা জানিয়েছেন।
পাকিস্তানের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (টিএমএল-এন) সভাপতি নওয়াজ সামাজিকমাধ্যম এক্সের একটি পোস্টে বলেছেন, ‘তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় মোদিজিকে আমার উষ্ণ অভিনন্দন। জনগণ আপনার নেতৃত্বে কতটা আস্থা আছে তার প্রতিফলন হলো এবারের নির্বাচনে আপনার দলের সফলতা। আসুন আমরা ঘৃণাকে আশায় পরিণত করি। দক্ষিণ এশিয়ার দুই মিলিয়ন মানুষের ভাগ্য গড়ার সুযোগটিকে কাজে লাগাই।’
নওয়াজের বার্তা সামাজিকমাধ্যম এক্সে শেয়ার দিয়ে এর জবাবে মোদি লিখেছেন, ‘নওয়াজ শরিফ আপনার বার্তা প্রশংসনীয়। ভারতের জনগণ সব সময়ই শান্তি, নিরাপত্তা ও প্রগতিশীল চিন্তাধারার পক্ষে অবস্থান করেছে। আমাদের জনগণের কল্যাণ ও নিরাপত্তার অগ্রগতি সব সময়ই আমাদের আগ্রাধিকার থাকবে।’
এর কয়েক ঘণ্টা পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সামাজিকমাধ্যম এক্সে মোদিকে শুভকামনা জানান। এর প্রতিক্রিয়ায় মোদি তাকে ধন্যবাদ জানিয়ে এক্সে একটি বার্তা পোস্ট করেন।
১৯৪৭ সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীন হয় ভারতীয় উপমহাদেশ। ভারত পাকিস্তান ভাগ হয়। তখন পাকিস্তান ও ভারত উভয় দেশই স্বাধীন হয়। এরপর থেকে গত প্রায় ৭৭ বছরে দেশ দুটি একে অপরের সঙ্গে মোট তিনটি যুদ্ধে জড়িয়েছে। তা ছাড়া অগণিত ছোট ছোট সংঘর্ষ হয়েছে। আর এ সংঘর্ষের কেন্দ্রবিন্দুতে থাকে কাশ্মির।
২০১৫ সালে আকস্মিকভাবে পাকিস্তানের লাহর সফরে গিয়েছিলেন মোদি। এই সফরে ভারত-পাকিস্তানের অহি-নকুল সম্পর্কে কিছুটা পরিবর্তন এসেছিল। কিন্তু ২০১৯ সালে যখন নয়াদিল্লি ভারত-শাসিত কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিল করে দেয় তখন আবারও ভারত-পাকিস্তানের সম্পর্কের অবনতি ঘটে।
তবে শেহবাজকে মোদির ও মোদিকে শেহবাজের শুভেচ্ছা জানানোর ঘটনা দুই পারমাণবিক অস্ত্রধারী শক্তির মধ্যে শুভেচ্ছা বিনিময়ের এক বিরল ঘটনা। আর নওয়াজের পাঠানো শুভেচ্ছা বার্তায় মোদির ইতিবাচক জবাব দুই দেশের মধ্যকার সম্পর্কের ফাটল কিছুটা জোড়া লাগানোর আশা জাগিয়েছে।
সূত্র : জিও নিউজ