প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ জুন ২০২৪ ০৯:০১ এএম
আপডেট : ১১ জুন ২০২৪ ০৯:১৪ এএম
মালাউইর ভাইস প্রেসিডেন্ট সাউলোস চিলিমা। ছবি : সংগৃহীত
মালাউইয়ের ভাইস প্রেসিডেন্ট সাউলোস চিলিমাকে বহনকারী একটি সামরিক বিমান নিখোঁজ হয়ে গেছে। বিমানটিতে তার সঙ্গে আরও নয়জন ছিলেন। বিমানটি অনুসন্ধান করা হচ্ছে। সোমবার (১০ জুন) প্রেসিডেন্টের অফিস এ বিষয়ে জানিয়েছে।
৫১ বছর বয়সী সাউলোস চিলিমা ও তার সঙ্গীরা স্থানীয় সময় সকাল ৯ টার দিকে দেশটির রাজধানী লিলংওয়ে থেকে একটি সামরিক বিমানে করে যাত্রা শুরু করেন। লিলংওয়ে থেকে প্রায় ৩৭০ কিলোমিটার উত্তরে মিজুজু আন্তর্জাতিক বিমানবন্দর ছিল তাদের গন্তব্যস্থল। যেখানে পৌঁছাতে বিমানটির প্রায় ৪৫ মিনিট লাগার কথা। কিন্তু এই নির্ধারিত সময় অতিক্রম করার পরও বিমানটি গন্তব্যে অবতরণ করতে ব্যর্থ হয়।
দেশটির প্রেসিডেন্ট লাজারাস চাকওয়েরার কার্যালয় থেকে এক বিবৃতিতে জানোনো হয়েছে, বিমানটি রাডার থেকে দূরে সরে গেলে এর সঙ্গে বিমান চলাচল কর্তৃপক্ষের যোগেোযাগ বিচ্ছিন্ন হয়ে যায়।
বিবৃতিটিতে আরও বলা হয়েছে, ‘রাডার থেকে বিচ্ছিন্ন হওয়ার পর এখন পর্যন্ত বিমানটির সঙ্গে যোগাযোগের সব চেষ্টা ব্যর্থ হয়েছে।’
মালাউইয়ের সশস্ত্র বাহিনীর প্রধান চাকওয়েরাকে নিখোঁজ বিমানটি সম্পর্কে অবহিত করেন। এরপর তিনি একটি অনুসন্ধান অভিযান চালানোর নির্দেশ দেন ও তার বাহামার সফর বাতিল করেন।
তার কার্যালয় বলেছে, ‘প্রেসিডেন্ট লাজারাস চাকওয়েরা জাতীয় ও স্থানীয় কর্তৃপক্ষকে বিমানটির অবস্থান খুঁজে বের করার জন্য অবিলম্বে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন।’
সূত্র : আলজাজিরা